ধুনটে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ধস
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের কাছে যমুনা নদীর নির্মাণাধীন ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৪০ মিটার অংশ ধসে গেছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাউবো সেখানে সিসি ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, ভাঙন ঠোকাতে গত বছর থেকে ভান্ডারবাড়ি গ্রামে কাছে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্য যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু করা হয়। বগুড়ার ঠিকাদার লিয়াকত আলী কাজটি পায়। এক বছর ধরে প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অবস্থায় গত মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রকল্পের মাঝামাঝি স্থান থেকে ৪০ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়।
পাউবোর কর্মকর্তা পশুরাম চন্দ্র বলেন, উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তে সৃষ্টি হয়ে তীর সংরক্ষণ প্রকল্পে ধস দেখা দিয়েছে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম অভিযোগ করেন, জিও ব্যাগের নিচে বালুর পরিবর্তে মাটি ফেলে স্লোপ করা হয়। সেই মাটি গলে জিও টেক্সের নিচে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া জিও ব্যাগের ওপর ছোট আকারের সিসি ব্লক বসানো হয়। প্রবল স্রোতে ছোট আকারের সিসি ব্লক ভাটির দিকে ভেসে গেছে।
পাউবোর সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্র মোতাবেক প্রকল্পের কাজ করেছে। বর্ষায় প্রকৃতির নিয়মেই অনেক সময় যমুনায় ভাঙন দেখা দেয়। খবর পেয়ে সেখানে জরুরিভাবে সিসি ব্লক ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।