ধুনটে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের ৭৫ মিটার নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ৭৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর পানি বাড়ায় প্রবল স্রোতে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টায় এ ভাঙন দেখা দেয়।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত চব্বিশ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীভাঙনও শুরু হয়েছে। অব্যাহত ভাঙনে যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্প ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। যমুনার প্রবল স্রোত বানিয়াজান স্পারে বাধা পেয়ে পানি বাঁকা পথে রঘুনাথপুর তীর সংরক্ষণ প্রকল্পে আঘাত করছে। ফলে ওই স্থানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তে পড়ে গতকাল সকাল ছয়টায় তীর সংরক্ষণ প্রকল্পের ৭৫ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সংবাদ পেয়ে দুপুর ১২টায় বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক প্রকল্প এলাকা পরিদর্শন করেন।বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক জানান, নদীর ভাঙন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে ধেয়ে আসছে। বাঁধ থেকে নদীভাঙনের দূরত্ব এখন প্রায় ৮০ মিটার। তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙন স্থানে সিসি ব্লক ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে।