ধুনটে যমুনার শহড়াবাড়ি স্পার দুই বছরেও মেরামত হয়নি
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ি ১ নম্বর স্পারের ভাঙা স্থানটি গত দুই বছরেও মেরামত করা হয়নি। বগুড়ার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ির ও গোসাইবাড়ি ইউনিয়নে যমুনা নদী বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দৈর্ঘ্য শহড়াবাড়ি স্পার নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই প্রতিবছর দফায় দফায় ভাঙনে ৫০০ মিটার স্পার নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বশেষ ২০১০ সালের ৪ জুলাই ৮০ মিটার বেলমাউথ ভেঙে স্পার দ্বিখণ্ডিত হয়েছে। এর পরও নদী ভাঙনের সাক্ষী হিসেবে স্পারের ২০০ মিটার অংশ এখন পর্যন্ত টিকে আছে। ২০১১ সালের ২২ অক্টোবর থেকে এই অবশিষ্ট ২০০ মিটারেও ভাঙন ধরেছে।এলাকাবাসীর অভিযোগ পাউবোর কর্মকর্তারা গত দুই বছরে ওই স্পার সংস্কারের কোনো উদ্যোগ নেননি। গত কয়েকদিনের বর্ষণ ও উজানের পানিতে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে নদীর বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। সে সঙ্গে শহড়াবাড়ির স্পারের উত্তর পাশে স্যাংক ধসে প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, জরুরি ভিত্তিতে স্পারের ভাঙনের স্থান মেরামত করা না হলে দুটি ইউনিয়নের লোকজন ফসলি জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, ‘যমুনা নদীর স্পারে ভাঙনের স্থানে নতুন ডিজাইন করে ভাঙন ঠেকাতে ১৭ কোটি টাকা বরাদ্দ চেয়েছি। টাকা না পাওয়ায় এত দিন স্পারের ভাঙনের স্থানে সংস্কারের কাজ করা হয়নি। জরুরি ভিত্তিতে এ বছর বর্ষার আগেই ভাঙনের স্থানে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে মেরামতের ব্যবস্থা করা হবে।’