ধুনটে যমুনার স্পারের স্যাংকে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে যমুনা নদীর বানিয়াজান স্পারে ধস। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার ধুনটে যমুনা নদীর বানিয়াজান স্পারে ধস। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত বানিয়াজান স্পারের স্যাংক (ঢালু অংশ) প্রায় ১০০ মিটার ধসে বিলীন হয়েছে। গত সোমবার মধ্যরাতে ভান্ডারবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন রোধে ২০০২ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বানিয়াজান গ্রামের কাছে আড়াআড়িভাবে ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের স্পার নির্মাণ করা হয়। এর মধ্যে বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে যমুনা নদীর ভেতরে ১ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের মাটির তৈরি স্যাংক এবং বাকি ১৫০ মিটার অংশ পাকা। নির্মাণের পর থেকে প্রতিবছর দফায় দফায় ভাঙনের কবলে পড়ে স্পারটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কয়েক দিন ধনে যমুনার পানি কমছে। ফলে প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে স্পারের মাঝামাঝি স্থান থেকে মাটির তৈরি স্যাংকের ১০০ মিটার অংশ সোমবার মধ্যরাতে ধসে পড়ে।
ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন জানান, হঠাৎ করে স্পারের মাটির তৈরি স্যাংকের প্রায় ১০০ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া স্যাংকের প্রায় ৮০ শতাংশ ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্পারের ভাটির দিকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বলেন, যমুনা নদীর পানি কমার সঙ্গে আকস্মিকভাবে স্পারের স্যাংক ধসে গেছে। তবে স্পারের এই ধস ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার প্রস্তুতি চলছে।