ধুনটে যমুনার স্পারের ৩০ মিটারে ধস
বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে নির্মিত শহড়াবাড়ি স্পারের ৩০ মিটার ধসে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে মঙ্গলবার গভীর রাতে স্পারে ধস দেখা দেয়। কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজানের ঢলের পানিতে ধুনটে যমুনা নদী ফুঁসে উঠেছে। উত্তাল যমুনার পানি হু হু করে বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে মঙ্গলবার গভীর রাতে ওই স্পারের সামনের অংশের ৩০ মিটার নদীগর্ভে ধসে গেছে। বগুড়া পাউবোর নির্বাহী কর্মকর্তা মমতাজ উদ্দিন বুধবার সকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক জানান, ওই স্থানে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্পারের ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।