ধুনটে যমুনার ৫০ মিটার স্পার ধসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে নির্মিত শহরাবাড়ি ১ নম্বর স্পারের ৫০ মিটার বেল মাউথ (সামনের অংশ) গতকাল রোববার দুপুর ১২টার দিকে ধসে গেছে।বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ির পূর্ব পাশ দিয়ে যমুনা নদী বয়ে গেছে। নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ শহরাবাড়ি ১ নম্বর স্পার নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে প্রতি বছর দফায় দফায় ভাঙনে ২৮০ মিটার স্পার টিকেছিল। তিন দিন ধরে যমুনার পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে গতকাল দুপুর ১২টার দিকে স্পারের ৫০ মিটার বেল মাউথ ধসে যায়। ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ২৯ জুন রাতে ওই স্পারের ৩০ মিটার স্যাংক (মাটির কাজ) যমুনাগর্ভে বিলীন হয়েছে।বগুড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্থানে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্পারের ধস ঠেকানোর চেষ্টা চলছে।