ধুনটে যানবাহন ভাঙচুরে গতিরোধক ব্যবহার!
বগুড়ার ধুনট উপজেলার সাতটি পাকা রাস্তায় অপরিকল্পিতভাবে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করেছে স্থানীয় জনগণ। হরতাল-অবরোধকারীরা এসব গতিরোধকে যানবাহন আটকে রেখে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে শেরপুর, সোনাহাটা, গোঁসাইবাড়ী, সোনামুখী, জোড়শিমুল, চান্দাইকোনা, নয়মাইলসহ সাতটি সড়কে প্রায় ২০০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। স্থানীয় জনগণ সরকারি নিয়মনীতি অনুসরণ না করে এসব সড়কে প্রায় ৫০টি গতিরোধক নির্মাণ করেছে। দুই মাস ধরে ১৮ দলের ডাকা টানা অবরোধ-হরতালের সময় এসব সড়ক দিয়ে বাস-ট্রাক চলাচল না করলেও ঝুঁকি নিয়ে রিকশা, ভ্যান, ভটভটি, অটোরিকশা, টেম্পো যাতায়াত করছে। এসব যানবাহনকে বাধা দিতে ভোর থেকেই ১৮ দলের নেতা-কর্মীরা এসব গতিরোধকে ইট-পাটকেল ও লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন। যাত্রী ও মালামাল নিয়ে এসব যানবাহন গতিরোধকে থামানোর সঙ্গে সঙ্গে অবরোধকারীরা চালককে মারধর ও যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এসব ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে।
ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্র জানায়, অবরোধের সময় কিছুদিন আগে তারা কয়েকজন ছাত্র ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। পথে শেরপুর সড়কের একটি গতিরোধকে অবরোধকারীরা ভ্যান থেকে তাদের নামিয়ে দেন। এ সময় অবরোধকারীরা চালককে গালিগালাজ ও মারধর করেন। এ কারণে তারা অবরোধের সময় স্কুলে আসতে পারে না।
অটোরিকশাচালক আবদুল করিম বলেন, ‘রাস্তায় গতিরোধক পার হতে গাড়ির গতি কমাতে হয়। এই সুযোগে হরতালকারীরা দৌড়ে এসে গাড়িগুলো ভেঙে পুড়িয়ে দেন। বাধা দিলে তাঁরা আমাদের মারধর করেন। এসব গতিরোধক না থাকলে হরতালকারীরা আমাদের ক্ষতি করতে পারতেন না।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পাকা রাস্তায় জনগুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে সরকারিভাবে গতিরোধক নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় জনগণ নিজেরা যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে গতিরোধক নির্মাণ করছে। এ কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা সহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, এসব পাকা রাস্তায় স্থানীয় জনগণ বেআইনিভাবে গতিরোধক নির্মাণ করেছে। নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গতিরোধকগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ধুনট থানার ওসি মোবারক হোসেন জানান, মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অবরোধকারীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।