ধুনটে যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে দলীয় কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমানকে কুপিয়ে আহত করেছে। সোমবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। মতিউর বর্তমানে বগুড়া মোহামঞ্চদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ে বসে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ১৩ নম্বর এলাকার (ধুনট) পরিচালক আবদুল হান্নানের সঙ্গে কথা বলছিলেন মতিউর। এ সময় ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম ও ছোট ভাই জুয়েল রানা, শ্যালক পৌর যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ ১০-১১ জন ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে মতিউরকে গালিগালাজ এবং একপর্যায়ে তাঁরা মতিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।মতিউর রহমানের চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাঁকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় মতিউর রহমানের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ধুনট উপজেলার গোশাইবাড়ী ইউনিয়নে বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নানকে গণসংবর্ধনা দেয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সংবর্ধনা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম। সেখানে মতিউর রহমান উপস্থিত থাকলেও তাঁকে বক্তব্য দিতে সুযোগ দেওয়া হয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে শফিকুল ইসলামসহ স্থানীয় যুবলীগের নেতাদের গালিগালাজ করেন। শফিকুল ইসলাম বলেন, সভায় সময় কম থাকায় মতিউরের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাঁকে ও স্থানীয় নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তাঁর জানা নেই।পৌর যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জানান, মতিউর রহমান মিথ্যা অভিযোগে কয়েকবার তাঁকে বহিষ্কার করেছেন। এ কারণে তিনি তাঁকে কুপিয়েছেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুল হক জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।