ধুনটে যুবলীগের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল কবির ওরফে বিপুল (৩২) ও জুয়েল রানার (৩২) বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শ্রমিকনেতা ভোলা মীর বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই দুই নেতা ধুনট-গোশাইবাড়ী সড়কের নসিমনচালক ও শ্রমিকনেতা ভোলা মীরের কাছে প্রতিদিন ৯০০ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ওই নেতার কোনো নসিমন এ সড়কে চলতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। ৭ অক্টোবর বিকেল তিনটায় ভোলা মীরের কাছে আশরাফ ও জুয়েল চাঁদার টাকা চাইতে যান। ভোলা মীর টাকা দিতে অস্বীকার করায় দুই নেতা তাঁকে মারধর করে ফেরার সময় প্রাণনাশের হুমকি দেন।অভিযুক্ত আশরাফুল কবির বলেন, ‘আমরা ভোলা মীরের কাছে কোনো চাঁদা দাবি করিনি। উপজেলার সব সড়কে নসিমন শ্রমিক লীগের নেতাদের নির্দেশে চলাচল করে।’উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান জানান, আশরাফ ও জুয়েল উপজেলা যুবলীগের সদস্য। এ ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। ধুনট থানা পুলিশের পরিদর্শক তোজাম্মেল হক জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।