ধুনটে যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে র‌্যাব পরিচয় দিয়ে এনজিওকর্মীকে অপহরণের চেষ্টার সময় যুবলীগের দুই নেতাসহ চারজনকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাঁদের সহযোগী আরও তিনজন পালিয়ে যান।
আটককৃতদের গতকাল শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের বাসিন্দা ও এনজিও কর্মকর্তা আকবর আলী খাটিয়ামারী বাজার থেকে তাঁর বাড়ি ফিরছিলেন। গজিয়াবাড়ী গ্রামের কাছে এলে উপজেলা যুবলীগের সদস্য ফোরহাদ হোসেন, টিপু মিয়া, সুজন ও মুন্না, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম মুহিতহ একদল যুবক চারটি মোটরসাইকেল নিয়ে পথ রোধ করে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাঁকে মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন। সন্দেহ হলে আকবর ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে অনেক মানুষ লোক জড়ো হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে গোলাম মুহিত, সুজন, মুন্না পালিয়ে যান। পরে গ্রামবাসী ফোরহাদ, টিপু, আল হেলাল ও ইমরানকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ রাত নয়টার দিকে ঘটনাস্থলে এসে গ্রামবাসীর হাত থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই চারজনের বিরুদ্ধে ভূমি দখল, বাড়ি দখল ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে বলে থানা-পুলিশ সূত্রে জানা গেছে।
আল হেলাল দাবি করেন, ‘ইমরান হোসেনকে সেতু করপোরেশনে চাকরি দেওয়ার কথা বলে আকবর আলী আমার নিকট থেকে এক বছর আগে দুই লাখ টাকা নিয়েছে। চাকরি না দেওয়ায় আমরা তার নিকট টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।’
আকবর আলীর দাবি, ‘আমি টাকা নিইনি। আল হেলাল তিন বছর আগে আমার ভাইকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে। টাকা ফেরত না পেয়ে আমি হেলালের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। এ কারণে তারা র‌্যাবের পরিচয় দিয়ে আমাকে আপহরণের চেষ্টা করেছে।’
উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা যুবলীগের নেতা হলেও তাঁরা এখন আইনের কাছে আপরাধী। তদন্ত করে ঘটনা সঠিক হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট থানার ওসি শাহজাহান পাশা বলেন, অপহরণের চেষ্টার সময় জনতার হাতে আটক চার যুবককে উদ্ধার করে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।