ধুনটে রাস্তায় বাঁশের বেড়া অবরুদ্ধ একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সরকারি রাস্তায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে দখল নেওয়ায় একটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে অবরুদ্ধ পরিবারটি ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের হোটিয়ারপাড়া গ্রামের এমদাদ আলী নামের এক ব্যক্তি সোমেস আলীর বাড়ির সামনের রাস্তা বাঁশের বেড়া দিয়ে দখল নিয়েছেন। ফলে সোমেস আলীর পরিবার প্রায় এক মাস ধরে বাড়ি থেকে বের হতে পারছে না। এ ছাড়া গ্রামের এমদাদ আলী মাস্টারসহ ১০ থেকে ১২ ব্যক্তি ওই রাস্তায় ঘরবাড়ি তুলে রাস্তা দখল করে নিয়েছেন। ফলে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। এ ঘটনার প্রতিকার চেয়ে সমেস আলী ৩ মে এমদাদ আলী ও এমদাদ আলী মাস্টারসহ পাঁচজনের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।
এমদাদ আলী বলেন, ‘আমি কোনো রাস্তা দখল করি নাই। সমেস আলীর বাড়ির সামনে আমার পৈতৃক জমি আছে। এ জমি বেড়া দিয়ে দখল নিতে গিয়ে সমেস আলী আর রাস্তায় বের হতে পারছেন না। সমেস আলীর বাড়ির দক্ষিণ পাশে এমদাদ আলী মাস্টারসহ ১০-১২ জন রাস্তার ওপর ঘরবাড়ি তুলে দখলে নিয়েছেন। তাঁরা রাস্তা থেকে ঘরবাড়ি সরিয়ে নিলে আমিও দখল ছেড়ে দেব।’
এমদাদ আলী মাস্টার বলেন, ‘অবৈধ দখলদার একজন থাকা পর্যন্ত আমি রাস্তার ওপর থেকে ঘরবাড়ি সরাব না। রাস্তার দখলদার সবাই ছাড়লে আমিও গ্রামের স্বার্থে ছেড়ে দেব।’
চিকাশি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, অনেক আগে থেকে হোটিয়ারপাড়া গ্রামের রাস্তা দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু গ্রামবাসী সহযোগিতা না করায় দখলমুক্ত করা যায়নি।
ইউএনও হাফিজুর রহমান বলেন, থানা-পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।