বগুড়ার ধুনটে পৌর যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক শিক্ষককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলা পরিষদের ফটকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ও ওই নেতাকে গ্রেপ্তারের দাবিতে গত সোমবার বেলা তিনটায় উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। হামলায় আহত শিক্ষকের নাম রাশেদুল বারী খান। তিনি বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ চলাকালে পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ফরম পূরণের কথা বলে তানিয়া খাতুনের কাছ থেকে ১৫০০ টাকা নেন। পরে যুবলীগের ওই নেতা টাকা না দিয়ে ওই ছাত্রীর ফরম পূরণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাপ দেন। এতে রাজি না হওয়ায় যুবলীগের ওই নেতা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টা চালান। এ সময় রাশেদুল বারী খান এ ঘটনার প্রতিবাদ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে রাশেদুল বারী দাপ্তরিক কাজে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে আসেন। এ সময় আগের ঘটনার জের ধরে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম তাঁর পেটে ছুরিকাঘাত করেন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর থেকে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম পলাতক আছেন। উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান দাবি করেন, নানা অপরাধে জড়িত হয়ে পড়ায় তাকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।প্রধান শিক্ষক সেজাব আলী বলেন, ‘যুবলীগের নেতার পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম ফি ছাড়া আমার বিদ্যালয়ের ছাত্রী তানিয়া খাতুনের ফরম পূরণের জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু রাজি না হওয়ায় তিনি আমাকে মারধরের চেষ্টা চালান। রাশেদুল বারী এ ঘটনার প্রতিবাদ করেছিলেন। এ কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘শিক্ষককে ছুরিকাঘাত করার ঘটনা শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’