ধুনটে শিশু নির্যাতন মামলায় তিনজনের নামে অভিযোগপত্র
বগুড়ার ধুনটে ১০ বছরের শিশুকে নির্যাতনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গতকাল রোববার এ অভিযোগপত্র দাখিল করা হয়।
নির্যাতনের শিকার শিশুটির নাম রাব্বি মিয়া। সে ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের লাল মিয়ার ছেলে। রাব্বির পরিবারের সদস্যরা বলেন, রাব্বি মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ৯ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিবেশী মিষ্টি ব্যবসায়ী খলিলুর রহমান তাকে ডেকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় খলিলুরসহ একই গ্রামের বেলাল হোসেন, মিনার সরকার, আল আমিন, মিজানুর রহমানসহ চার যুবক এসে রাব্বিকে চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে ও মারধর করে।
পরে স্থানীয় গ্রাম পুলিশের খবরের ভিত্তিতে ঘটনার পাঁচ ঘণ্টা পর পুলিশ রাব্বিকে বাঁধা অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাব্বির বাবা বাদী হয়ে ১১ সেপ্টেম্বর রাতে খলিলুর রহমান, আল আমিন, মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে বেলাল সরকার ও মিনার সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে খলিলুরও আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে মামলার সব আসামি জামিনে আছেন। এ অবস্থায় পুলিশ অভিযোত্র দিল।