ধুনটে সংখ্যালঘুর ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার পঁচিবাড়ী গ্রামে সংখ্যালঘু পরিবারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান গত শুক্রবার ভোররাতে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রামের তিনকড়ি হাওলাদারের ছেলে সুকুমার হাওলাদার গ্রামের গোপাল হাওলাদারের আধাপাকা একটি টিনের ঘর ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করছিলেন। গত শুক্রবার রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত ওই ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রায় অর্ধলাখ টাকার মালামাল পুড়ে যায়।
ঘটনার সময় ওই ব্যবসায়ীর চিৎকারে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন।
সুকুমার হাওলাদার বলেন, ‘দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার সময় ঘরের বেড়ায় লাঠি দিয়ে পেটায়। সেই শব্দে ঘর থেকে উঠে গিয়ে আগুন দেখে চিৎকার করি। তবে কাউকে ঘটনার সময় দেখতে পাইনি।’
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, ভয়ভীতি দেখানোর জন্য দুর্বৃত্তরা রাতের বেলা সংখ্যালঘু পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠানে এ আগুন দিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘খবর পেয়ে শনিবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। অধিক তদন্ত ছাড়া ঘটনাটির ব্যাপারে সঠিক করে বলা যাবে না।’