ধুনটে সংঘর্ষে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে নয়জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার শাহজাহান আলী (৪৮) নামের এক ব্যক্তি মারা যান। বাকি আহত ব্যক্তিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নিমগাছি ইউনিয়নের নিমগাছি গ্রামের হাফিজার রহমানের সঙ্গে একই গ্রামের শাহজাহানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে বাড়ির পাশে বাঙ্গালী নদীর তীরে সেই বিরোধপূর্ণ জমিতে শাহজাহান ও তাঁর লোকজন গম চাষ করতে যান। খবর পেয়ে হাফিজার ও তাঁর লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের গম চাষে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে শাহজাহান ও তাঁর পক্ষের অবাইদুল, বাটুল, বাবলু, আবু বকর ও ধনি আহত হন। এ ছাড়া অপরপক্ষের হাফিজার ও তাঁর দুই ছেলে নান্টু ও মিন্টু আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল বিকেলে শাহজাহান মারা যান।