ধুনটে সেতু ভেঙে ট্রাক খালের পানিতে

বগুড়ার ধুনট উপজেলার কুশারবাড়ী খালের বেইলি সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে পড়েছে। ফলে উপজেলার উত্তরাঞ্চলের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, গত ২০০১ সালে নাংলু গ্রামের কুশারবাড়ি খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়। পুরোনো সামগ্রী দিয়েই সেতুটি নির্মাণ করা হয়। এ কারণে নির্মাণকাল থেকে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের নিষেধজ্ঞা জারি করা ছিল। কিন্তু স্থানীয় বালু ব্যবসায়ীরা বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তুলে ট্রাকযোগে ওই সেতু দিয়ে পারাপার করেন। এ কারণে ২০১২ সালের ১২ মে সেতুর পাটাতন ভেঙে যায়। তখন জোড়াতালি দিয়ে মেরামত করে সওজের কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে সতর্ককরণ এবং সাত মেট্রিক টন ওজনের বেশি ভারী যানবাহন চলাচল নিষেধ করে। কিন্তু কর্তৃপক্ষের নোটিশের তোয়াক্কা না করে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রোহান-রিদয় নামে নম্বরবিহীন অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক পার হতে গিয়ে সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম বলেন, উপজেলার উত্তরাঞ্চলের লোকজন বাঙ্গালী নদীর জয়শিং ঘাট থেকে বগুড়া শহরে সরাসরি বাস, অটোরিকশা, ভটভটিসহ বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করে। তাই সেতুটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিমগাছি, চিকাশি ও গোসাইবাড়ী ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছে।
নাংলু গ্রামের অটো ভ্যানচালক কাশেম মিয়া বলেন, ‘সেতু ভাঙার পর থ্যাক্যা গাড়ি নিয়া পারাপার হতেই পারিচ্ছি না। একটা ভড়া উবাইতে পারি নাই।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ভেঙেপড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।