ধুনটে সেতুর নিচ থেকে বালু উত্তোলন
বগুড়ার ধুনটের নিমগাছিতে বাঙ্গালী নদীর ওপর নবনির্মিত সেতুর নিচ থেকে যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। একজন ইজারাদার সেতুর অদূরে একটি বালুমহাল ইজারা নিয়ে সীমানা অতিক্রম করে এভাবে বালু তুলছেন। সেতুর নিচ থেকে বালু তোলায় পিলার দেবে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।গত বুধবার সরেজমিনে দেখা যায়, নিমগাছিতে বাঙ্গালী নদীর ওপর সাত কোটি ৩২ লাখ টাকায় নির্মিত সেতুর নির্মাণকাজ মাস দুয়েক আগে শেষ হয়েছে। এখনো সেতুটি চালু করা হয়নি। বর্তমানে নদীর পানি কমে সেতুর নিচে জেগে উঠেছে চর। সেতুর অদূরে বালুমহাল ইজারা নিয়ে ব্যবসায়ী ফরহাদ হোসেন সেতুর পাশে ছয়টি যন্ত্র বসিয়ে বালু তুলছেন। এ ছাড়া সেতুর আশপাশ থেকে অনেকেই বালু কেটে নিয়ে যাচ্ছে।এলাকাবাসী জানায়, তিন বছর ধরে সেতুর নির্মাণকাজের জন্য সেতুর অদূরে বেড়েরবাড়ী মৌজায় সরকারিভাবে বালুমহাল ইজারা দেওয়া বন্ধ ছিল। সেতু নির্মাণের কাজ শেষ হওয়ায় এ বছর এ মৌজার বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। এই বালুমহালের সীমানা নির্ধারণ করা হয়েছে সেতু থেকে ৪০০ মিটার উত্তরে। কিন্তু ইজারাদার নির্ধারিত সীমানার বাইরে সেতুর নিচ থেকে প্রায় এক মাস ধরে যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলছেন।নিমগাছি গ্রামের আবদুল মান্নান বলেন, যেভাবে সেতুর নিচ থেকে বালু তোলা হচ্ছে, তাতে সেতুর নিচে গভীর খাদ হয়ে পিলার দেবে যেতে পারে। গ্রামবাসী প্রতিবাদ জানিয়েও কিছু করতে পারছেন না।নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা জানান, বেড়েরবাড়ী বালুমহাল সেতু থেকে ৪০০ মিটার দূরে। কিন্তু বালুমহালের ইজারাদার সীমানা ছেড়ে এসে সেতুর নিচ থেকে বালু তুলছেন।ইজারাদার ফরহাদ হোসেন বলেন, ‘আমি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই লাখ ৬৮ হাজার টাকায় বালুমহাল ইজারা নিয়েছি। এ কারণে নদীর চর থেকে যন্ত্র দিয়ে বালু তুলছি। অনেকে ইজারা না নিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তুলছেন। কিন্তু আমাদের বিরুদ্ধে গ্রামবাসীর কোনো অভিযোগ নেই। সেতুর নিচ থেকে যন্ত্র দিয়ে বালু তোলার অনুমতি আছে কি না জানতে চাইলে ইজারাদার কোনো জবাব দিতে পারেননি।উপজেলা প্রকৌশলী সালাহ উদ্দীন জানান, সেতুর নিচ থেকে বালু তুলতে ইজারাদারকে মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। নিষেধ না মানলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমার কাছে একাধিক অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি বলেন, ‘সরকারিভাবে বেড়েরবাড়ী মৌজায় বাঙ্গালী নদীর চরে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমানা ছেড়ে সেতুর নিচ থেকে ইজারাদারের বালু তোলার ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বাঙ্গালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধের জন্য এলাকাবাসীর আবেদন রয়েছে বলে তিনি স্বীকার করেন।’