ধুনটে সেতুর নিচ থেকে বালু তোলা বন্ধ
বগুড়ার ধুনটে বেড়েরবাড়ী বাঙ্গালী নদীতে নির্মাণাধীন সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু তোলার কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) তত্ত্বাবধানে ধুনট সোনাহাটা-বাগবাড়ী রাস্তার বেড়েরবাড়ী বাঙ্গালী নদীর ওপর পাঁচ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ চলছে। দুই সপ্তাহ ধরে ‘রনি এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সেতুর নিচ থেকে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। ফলে নির্মাণাধীন সেতু ও গ্রাম হুমকির মুখে পড়ে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করে। এ ব্যাপারে ১ আগস্ট প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বালু উত্তোলন বন্ধ করে দেন।ইউএনও আবদুল্লাহ হারুন বলেন, ‘সেতু থেকে ৪০০ মিটার দূরে ইজারা দেওয়া বালুমহাল থেকে বালু উত্তোলন করতে বলেছি।’