ধুনটে সেতুর পাটাতন ভেঙে যান চলাচলে ঝুঁকি

বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর বেইলি সেতুর পাটাতনটি গতকাল রোববার ভেঙে গেছে। এতে ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গতকাল সকাল সাতটার দিকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত পথরবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় পাটাতনটি ভেঙে যায়।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে ১৯৯২ সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে একটি খালের ওপর ৬২ মিটার দৈর্ঘ্য এ বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকেই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই ভারী যানবাহন চলাচল করছে। এতে সেতুটির ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবছরই বগুড়ার সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে দেয়। জোড়াতালি দেওয়া এ সেতুর ওপর দিয়ে গত রোববার সকালের দিকে পাথরবোঝাই একটি ট্রাক গেলে সেতুর একটি পাটাতন ভেঙে যায়। ফলে বগুড়ার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ধুনট, সোনাহাটা, মথুরাপুর, জোড়শিমুল, গোসাইবাড়ি, ঢেকুরিয়া ও কাজিপুর সড়কের যানবাহনগুলো ভেঙে যাওয়া পাটাতনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তারপরও খোঁজ নিয়ে সেতুর ওই পাটাতন দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।’