ধুনটে স্কুলছাত্রকে জবাই
বগুড়ার ধুনট উপজেলায় গত শুক্রবার রাতে আবদুল আলিম (১১) নামের এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। সে উপজেলার নিমগাছি গ্রামের আবদুল মতিনের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আবদুল হাকিম লিটন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলিম উপজেলার নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার পরিবার দরিদ্র হওয়ায় সে প্রতিবেশী লিটনের বাড়িতে থেকে লেখাপড়া করত। শুক্রবার সন্ধ্যায় আলিম এক প্রতিবেশীর বাড়িত টেলিভিশন দেখছিল। এ সময় লিটন তাকে ডেকে নিয়ে যান। এর পর থেকে আলিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন লিটন আশপাশের গ্রামের মসজিদের মাইকে প্রচার করেন, আলিমকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। কিন্তু শুক্রবার ভোররাতে আশপাশের লোকজন লিটনের বাড়ির কাছে ধানখেতে আলিমের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে বগুড়ার (সার্কেল বি) সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় নিহত আলিমের বাবা আবদুল মতিন গতকাল ধুনট থানায় একটি হত্যা মামলা করেছেন।আশরাফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, গ্রেপ্তারকৃত লিটনই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।