ধুনটে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষার উদ্যোগ
বগুড়ার ধুনটে এলাকাবাসী বন্যার হাত থেকে প্রায় দুই হাজার একর জমির ফসল রক্ষার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাশ্রমে। শুক্রবার সকাল থেকে বন্যার পানি ঠেকানোর জন্য তারা ধুনট পৌর এলাকার একটি রাস্তায় মাটি ফেলে উঁচু ও সেতুর নিচে বালুর বস্তা ফেলছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর রাতে সারিয়াকান্দি-চন্দনবাইশা যমুনা নদীর বাঁধ ভেঙে ধুনট উপজেলার কয়েকটি ইউনিয়নের ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে যায়।বৃহস্পতিবার সকাল থেকে বন্যার পানি ধুনট পৌরসভা এলাকায় ঢুকতে শুরু করে। এ কারণে ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশার উদ্যোগে এলাকাবাসী বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন।পূর্ব ভরণশাহী গ্রামের রনজু মল্লিক জানান, পূর্ব ভরণশাহী, জিঞ্জিরতলা ও সরকারপাড়া গ্রামের মাঝখানে প্রায় দুই হাজার একর ফসলি জমি আছে। এই গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। নদী দিয়ে বন্যার পানি এখন রাস্তার উপর ও সেতুর নিচ দিয়ে ঢুকে পড়লে ওই তিনগ্রামের জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা করতে সেতুর নিচে বালুর বস্তা ফেলছে। এ ছাড়া তারা মাটি ফেলে রাস্তা উঁচু করছে।মেয়র বাদশা বলেন, ‘সেতুর নিচে বালুর বস্তা ফেলতে ও মাটি ফেলে রাস্তা উঁচু করতে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। সবাই ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছে। এতে প্রায় দুই হাজার একর জমির ফসল রক্ষা করা সম্ভব হবে।’