ধুনটে স্বেচ্ছাশ্রমে রাস্তা ও সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনটের নশরত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা ও সেতু নির্মাণ করছেন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ধুনটের নশরত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তা ও সেতু নির্মাণ করছেন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ভোট এলে অনেকেই দেন প্রতিশ্রুতি। পরে আর কেউ আসেন না। তাই এবার কোনো প্রতিশ্রুতির অপেক্ষায় নেই বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নশরতপুর গ্রামবাসী। তাঁরা নিজেদের উদ্যোগেই স্বেচ্ছাশ্রমে দেইড়া খালের ওপর রাস্তা ও সেতু নির্মাণে নেমে পড়েছেন।
গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, নশরতপুর গ্রামের উত্তর পাশে প্রায় ৪০০ মিটার প্রস্থ দেইড়া খালটি শুকিয়ে এসেছে। তবে স্থানীয় লোকজন জানালেন, বছরে প্রায় ছয় মাস ওই খালে পানি থাকে। তাই তাঁদের পানি পার হয়ে ফসলি জমি বা কবরস্থানে যেতে হয়। তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে এই খাল পারাপারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সেতু ও সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসী। কিন্তু কেউই দাবি পূরণ করেননি। তাই ত্যক্ত-বিরক্ত গ্রামবাসী এক মাস ধরে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করেন। এ ছাড়া গ্রামবাসী নিজেরা চাঁদা দিয়ে সেতু নির্মাণের জন্য ইট, সিমেন্ট, রড কিনেছেন।
পেঁচিবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও নশরতপুর গ্রামের বাসিন্দা আলী আফসার বলেন, খালের পানি পার হয়ে ফসলের মাঠ ও কবরস্থানে যেতে হয়। তাই অনেক দিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চেয়েছেন। গ্রামবাসীর প্রয়োজন বুঝে বিগত দিনে ভোটের আগে অনেকেই কাজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষে কেউ কথা রাখেননি। তাই এবার আর কারও কাছে সাহায্য চেয়ে প্রতিশ্রুতির ফাঁদে পড়তে চাননি গ্রামবাসী।
সেতু নির্মাণের শ্রমিক গোলাম রব্বানি বলেন, ‘এই সেতু নির্মাণে লক্ষাধিক টাকা খরচা হবে। গ্রামবাসীর সঙ্গে আমরা হাত মিলিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে সেতুটা নির্মাণের কাজ করতেছি।’
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা বলেন, দেইড়া খালের রাস্তা ও সেতু নির্মাণের জন্য অনেকবার প্রকল্পের আওতায় আনা হয়েছে। কিন্তু পরিষদে অর্থ বরাদ্দ না থাকায় কাজটি করা সম্ভব হয়নি।