ধুনটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে বাদশা মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকার ধুনট-মথুরাপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মণ্ডল ধুনট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চালাপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা শহর থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাদশা মণ্ডল ও নাজমা খাতুন নামের আরেক যাত্রী বাড়ি ফিরছিলেন। হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে থাকা একটি কুকুরের সঙ্গে অটোভ্যানটির ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি ধুনট-মথুরাপুর সড়কে উল্টে পড়ে যায়। এতে বাদশা মণ্ডল ও নাজমা আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় কুমার বর্মণ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বাদশা মণ্ডলের মৃত্যু হয়েছে। আহত নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।