ধুনটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলতাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আলতাব হোসেন গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
রোববার বেলা একটার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতে ব্যক্তিরা হচ্ছেন পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪), মজনু মিয়ার স্ত্রী আঙ্গুরী খাতুন (৩০) ও তাঁর ছেলে আসাদুল ইসলাম (২)।
আহত ব্যক্তিদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা গোসাইবাড়ি বাজারের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলতাব হোসেন আহত হন। তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ধুনট থানার পরিদর্শক ফারুকুল ইসলাম বলেন, আলতাব হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।