ধুনটে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের কাজি ও বানিয়াগাতি বাজার মসজিদের ইমাম মতিউর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বুধবার সড়ক অবরোধ ও মানববন্ধন হয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা গ্রামবাসীর সহযোগিতায় উপজেলার মথুরাপুর-মহিশুরা সড়কের বানিয়াগাতি বাজার এলাকায় বিকেল ৪টার দিকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ রেখে ওই মানববন্ধন করেন।
নিহত ইমামের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, ‘২০১৬ সালের ৩ এপ্রিল রাতে বানিয়াগাতি মসজিদে ইমামতি শেষে বলারবাড়ি গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে আসামিরা মতিউরকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও হত্যার মূল পরিকল্পনাকারীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এজাহারভুক্ত কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলে তারা জামিনে এসে আমাকে ও আমার সন্তানকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।’ তিনি এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।
মানববন্ধনে নিহত ইমাম মতিউরের ছেলে আবদুল্ল্যাহ আল মামুন, মেয়ে মুক্তা খাতুনসহ একাধিক গ্রামবাসী বক্তব্য দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঘটনার পরই মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।