ধুনটে ১০ টাকা কেজি দরের চাল পাচারকালে জব্দ
বগুড়ার ধুনটে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি দরের সাড়ে চার মেট্রিক টন চাল গুদাম থেকে পাচারকালে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ এলাকায় ব্যবসায়ী বাদল সাহার গুদাম থেকে ট্রাকে করে এ চাল পাচারের সময় আটক করা হয়।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা যায়, ধুনটে ১১ হাজার ৯২১টি হতদরিদ্র পরিবারকে একটি করে কার্ড দেওয়া হয়। কার্ডধারীরা মাসে এক দিন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। গত মঙ্গলবার সকালে এসব ডিলার ধুনট উপজেলা খাদ্যগুদাম থেকে চাল তুলে কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল ৩০০ টাকায় বিক্রি করেন। কিন্তু কার্ডধারীরা এসব চাল তুলেই ধুনট বাজারের ব্যবসায়ীদের কাছে ৩০ কেজি চাল ৮০০ টাকায় বিক্রি করে দেন। গতকাল দুপুর ১২টার দিকে ব্যবসায়ী বাদল সাহার গুদাম থেকে কেনা চাল সরানোর সময় ধুনট থানা-পুলিশ চালসহ ট্রাকটি আটক করে।
ব্যবসায়ী বাদল সাহা বলেন, ‘ধুনট বাজারের প্রায় ৪০ জন ব্যবসায়ী মিলে এই াল কিনেছে। তাদের দেখে আমিও কিনেছি।’
ধুনট উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, ‘এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, সাড়ে চার মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। ট্রাকে ৫০ কেজি করে ৯০ বস্তা চাল ছিল।