ধুনটে ১১টি জলমহাল ইজারা দেওয়া যাচ্ছে না
বগুড়ার ধুনট উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৭০ একর আয়তনের ১১টি সরকারি জলমহাল ইজারা দেওয়া যাচ্ছে না। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কৌশলে এগুলো দখল করে মাছ চাষ করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৭০ একর আয়তনের ১১টি সরকারি জলাশয় রয়েছে। এগুলোর ইজারার মেয়াদ দুই বছর আগে শেষ হয়েছে। উপজেলা জলমহাল ইজারা বন্দোবস্ত কমিটি কয়েক দফা দরপত্র আহ্বান করে। কিন্তু আগের ইজারাদারেরা জোটবদ্ধ (সিন্ডিকেট) হয়ে দরপত্রে অংশ নিচ্ছেন না এবং নতুন কাউকে অংশ নিতে দিচ্ছেন না। এ কারণে জলমহালগুলো সরকারিভাবে ইজারা দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া তিনটি জলমহালের সাবেক ইজারাদারেরা নিজস্ব লোকজন দিয়ে আদালতে মিথ্যা মামলা করে সেগুলো নিজেদের দখলে রেখে মাছ চাষ করছেন। এসব ইজারাদারের পক্ষে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা কাজ করছেন।জলমহালগুলো হলো: মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়াদহ, সাদির বা শ্যামেরদহ, বানুখার দিঘি ও কলাতলা খাল; চৌকিবাড়ি ইউনিয়নে মুছিবাড়িদহ, বিবিরদহ ও টেপিগাড়ীদহ; গোপালনগর ইউনিয়নে বলারবাড়ি বিল, ভূতেরবাড়িদহ ও উত্তর রহুয়ার বিল এবং চিকাশি ইউনিয়নে চিকাশি মর্চা। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ইজারা বন্দোবস্ত কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বাংলা ১৪১৭ সালের চৈত্র মাসে জলাশয়গুলোর ইজারার মেয়াদ শেষ হয়েছে। এরপর ইজারা দেওয়ার জন্য কয়েক দফা দরপত্র আহ্বান করা হয়। কিন্তু সাবেক ইজারাদারেরা কৌশলে জোটবদ্ধ হয়ে নতুন কোনো ব্যক্তিকে এই দরপত্রে অংশ নিতে দেননি, নিজেরাও দরপত্রে অংশ নেননি। এ ছাড়া চিকাশি মর্চা, বিবিরদহ ও ভূতেরবাড়িদহ—এই তিনটি জলাশয়ের ব্যাপারে আদালতে মিথ্যা মামলা করে দুই বছর ধরে সেগুলো তাঁদের দখলে রেখেছেন। এসব জলাশয় ইজারা দিতে না পারায় সরকার মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ইজারা বন্দোবস্ত কমিটির সভাপতি ইউএনও ফিরোজ শাহ বলেন, ‘ইজারাদারেরা জোটবদ্ধ হয়েছেন কি না, তা আমার জানা নেই। তবে কয়েক দফা দরপত্র আহ্বান করেও জলাশয়গুলো ইজারা দেওয়া যায়নি। ফলে এসব জলাশয়ের মাছ ধরার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে মাছ ধরে বিক্রি করে সরকারি তহবিলে অর্থ জমা দেওয়া হবে।’