ধুনটে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যুবদল ও যুবলীগের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই স্থানে দুই পক্ষ সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। এ কারণে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ হোসেন এ আদেশ জারি করেন। ধুনট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্ত দিবস উপলক্ষে ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বুধবার বিকেলে পৌর যুবদল এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম ও জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকাল থেকে একই স্থানে পৌর যুবলীগের আয়োজনে যুব-সমাবেশের প্রচারণা চালানো হয়। সকাল থেকে বিষয়টি নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় যুবদল ও যুবলীগের সভাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত ওই স্থানে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। ধুনট পৌর যুবদলের সভাপতি মশিউর রহমান বলেন, ‘আমাদের অনুষ্ঠান পণ্ড করতে প্রতিহিংসাবশত পৌর যুবলীগ অহেতুক বৈঠক ডেকেছে।’ ধুনট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ে যুব-সমাবেশ আহ্বান করে বুধবার সকালে প্রচার শুরু করি। পরে জানতে পারলাম, সেখানে যুবদল একই সময়ে সভা আহ্বান করেছে।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হক ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।