ধুনটে ১৪৪ ধারা ভেঙে ধান কাটার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা ভঙ্গ করে ২৯ বিঘা জমির ধান কাটার চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তারা প্রায় এক বিঘা জমির ধান কেটে ফেলেছে। পরে পুলিশ কাটা ধান উদ্ধার করে জমির মালিককে ফিরিয়ে দিয়েছে। থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাগেশ্বরগাতী মৌজায় চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাঁতী গ্রামের নুরুন্নবী তালুকদারের ২৯ বিঘা জমি রয়েছে। চলতি মৌসুমে ওই জমিতে ধান চাষের পর থেকেই চক্রটি জমির ভুয়া ওয়ারিশ সেজে নুরুন্নবীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। নুরুন্নবী চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত ১১ এপ্রিল তাঁর ধানখেতে প্রায় অর্ধশত খুঁটি পুঁতে তাতে লাল পতাকা উড়িয়ে দখলের চেষ্টা করে। এ ব্যাপারে পরদিন নুরুন্নবী ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই এজাহারভুক্ত আসামি ইসমাইল হোসেন, আতিকুল ইসলাম ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে। কিন্তু জামিনে ছাড়া পেয়ে সম্প্রতি তারাসহ সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যরা জমি থেকে ধান কেটে নেওয়ার হুমকি দেয়। এরপর নুরুন্নবী ৩ মে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ইসমাইল হোসেন, হজরত আলী, ছিদ্দিক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত শুনানি শেষে ওই জমিতে বিবাদীদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেন। গতকাল মঙ্গলবার সকালে বিবাদীরা ১৪৪ ধারা ভঙ্গ করে জোর করে জমির ধান কাটতে থাকে।নুরুন্নবী তালুকদার বলেন, ‘বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে কাটা ধান উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিয়েছে।’ অন্যতম বিবাদী হজরত আলী ১৪৪ ধারা ভঙ্গ করে জমি থেকে ধান কাটার চেষ্টার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ‘আমরা ওয়ারিশসূত্রে ওই জমির মালিক।’ ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ধান উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।