ধুনটে ২০ বছর পর চরমপন্থীরা ফের সক্রিয়, আতঙ্ক
থানায় পুলিশ খুন করে অস্ত্র লুটের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক চরমপন্থী ফেরারি আসামির নেতৃত্বে ২০ বছর পর বগুড়ার ধুনটে চরমপন্থীদের তত্পরতা ফের শুরু হয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়েছে। চাঁদা না দেওয়ায় কয়েকজনকে মারধর করেছে। চরমপন্থীদের তত্পরতার কারণে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। ধুনট থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নে আশির দশকে চরমপন্থী দল পূর্ব বাংলা সর্বহারা পার্টির ব্যাপক তত্পরতা ছিল। প্রতাব খাদুলী গ্রামের শফিউর রহমান ওরফে জ্যোতি ওই দলের উত্তরাঞ্চলীয় জোন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে এলাকার অনেক যুবক ওই সময় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। চরমপন্থী দলের সদস্যরা ১৯৮৮ সালে তত্কালীন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান দুদু ও খাদুলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে। একই বছর মথুরাপুর হাটে শত শত মানুষের সামনে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানকে গুলি করে হত্যা করে। সীমাবাড়ী ইউপি সদস্য আবুল কাশেম ও মথুরাপুর ইউপি সদস্য রমজান আলীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া চরমপন্থীরা হত্যার হুমকি দিয়ে এলাকার ধনাঢ্য লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে। একের পর এক খুন ও চাঁদাবাজির ঘটনায় ওই এলাকায় ১৯৯০ সালে পুলিশ অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সাঁড়াশি অভিযান চালায়। এরপর চরমপন্থী দলের তত্পরতা বন্ধ হয়ে যায়। ১৯৯৪ সালে জ্যোতি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোরের গুরুদাসপুর থানায় দুই পুলিশকে খুন করে অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালে চরমপন্থী নেতা জ্যোতির যাবজ্জীবন সাজা হয়। কিন্তু তিনি কখনো আদালতে আত্মসমর্পণ করেননি। এলাকাবাসীর অভিযোগ, সাজাপ্রাপ্ত আসামি হয়েও জ্যোতি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। গত ১১ সেপ্টেম্বর জ্যোতির নেতৃত্বে তাঁর দলের সদস্যরা প্রতাব খাদুলী গ্রামের শফিকুল ইসলাম, মজনু আলম ও মনির হোসেনের কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাঁদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাব খাদুলী গ্রামের হারুনর রশিদসহ ছয়জন নেতা-কর্মীকে তাঁরা হত্যার হুমকি দেন। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী আবদুল খালেক ১৩ সেপ্টেম্বর জ্যোতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া মারধরের ঘটনায় প্রতাব খাদুলী গ্রামের আলী আকবর বাদী হয়ে জ্যোতিসহ ১০ জনের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর ধুনট থানায় একটি মামলা করেন। এলাকাবাসী জানায়, মামলা দায়েরের পর চরমপন্থী দলের তত্পরতা আরও বেড়ে গেছে। আওয়ামী লীগের নেতা প্রতাব খাদুলী গ্রামের হারুনর রশিদ জানান, ঈদের রাত থেকে এলাকায় চরমপন্থীদের তত্পরতা অনেক বেড়ে গেছে। চরমপন্থী নেতা জ্যোতির নেতৃত্বে দলের সদস্যরা রাতে সশস্ত্র মহড়া দিয়ে গ্রামের লোকজনদের ভয়ভীতি দেখান। বিষয়টি থানায় জানানো হয়েছে। তারপর থেকে থানা পুলিশের পাশাপাশি গ্রামবাসীও রাত জেগে পাহারা দিচ্ছেন। ধুনট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী বলেন, চরমপন্থী নেতা জ্যোতি আমার দলের নেতা-কর্মীদের মারধর এবং হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছে। ধুনট থানার উপপুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রতাব খাদুলীসহ আশপাশের গ্রামে চরমপন্থীদের তত্পরতা রোধে রাতে পুলিশ পাহারা দিচ্ছে।গুরুদাসপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, পুলিশ খুন ও অস্ত্র লুটের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জ্যোতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।জ্যোতির ছেলে রাসেল আহম্মেদ বলেন, ‘বাবা একসময় চরমপন্থী দলের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ১৬ বছর আগে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু একটি মামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে। এলাকার লোকজনের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তার পরও গ্রামের লোকজন বাবাকে মিথ্যা মামলায় জড়িয়েছে।’