ধুনটে ৩০টি বসতভিটা নদীগর্ভে
বাঙ্গালী নদীতে আকস্মিক ভাঙন দেখা দেওয়ায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রামের ৩০টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছে। ভাঙনকবলিক একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার সরিয়ে নেওয়ায় ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে বাঙ্গালী নদীতে পানি বাড়ছে। এ কারণে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিমগাছি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত চার দিনে দেলোয়ার হোসেন, লাল মিয়া, আবদুর রাজ্জাক, চান মিয়া, নয়া মিয়া, লিটন, মতিউর রহমানসহ প্রায় ৩০টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। নিমগাছি গ্রামের মানুষ নদীভাঙন রোধের জন্য দুই দফা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয়ে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাননি।
নিমগাছি গ্রামের আবদুর রাজ্জাক বলেন, ‘হামাইকরে (আমাদের) গ্রামের অর্ধেক মানুষ অন্যের বাড়িতে কাম কইরা খায়। এগরে ঘরভিটা ছাড়া আর কিছুই নাই। নদীভাঙনে পইড়া এসব মানুষের সব চইলা গেছে। এখন তাগরে আর থাকার জায়গাটুকুই নাই।’
পাউবোর বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, জরুরিভিত্তিতে নদীভাঙন রোধের জন্য কোনো বরাদ্দ নেই। এ কারণে ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
ধুনট উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) সামছুল হক জানান, ভাঙনের কবলে পড়া একটি ট্রান্সফরমারসহ কয়েকটি খুঁটি জরুরিভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে। এ কারণে সেখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে আরও কয়েক দিন লাগবে।