ধুনটে ৩৬ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কৃষকের কাঁধে এখন কষ্টের ভার। আমন মৌসুমের এ সময় কৃষকেরা খেতের ধান নয়, কাটছেন নাড়া (খড়)।
যমুনা নদীর বাঁধভাঙা পানিতে ডুবে যাওয়ায় জমির ফসল নষ্ট হয়। এতে কৃষকের প্রায় ৩৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।
চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘এ বছর ৬০ হাজার টাকা ব্যয় করে ১১ বিঘা জমিতে আউশ ধান রোপণ করেছি। হঠাৎ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ধানগুলো কেটে নেওয়ার সময়টুকুও পাইনি। বন্যার পর পানি শুকিয়ে যাওয়ায় এখন জমি পরিষ্কারের জন্য নাড়া (খড়) কেটে কাঁধে করে বাড়ি নিচ্ছি। এ যেন কষ্টের ভার।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর ধুনটের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১৫টি গ্রামের ৪৫ হাজার ৩৭০ জন কৃষক ১৮ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন, আউশ ধান ও শাকসবজি চাষ করেন। এসব জমি থেকে প্রায় ১৭ হাজার ২১৭ মেট্রিক টন আমন, ৫৭ মেট্রিক টন আউশ, দুই হাজার ৩১৪ মেট্রিক টন শাকসবজি ও ১৯ হাজার ৭১৮ মেট্রিক টন অন্যান্য ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এসব ফসলের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয় ৩৫ কোটি ৮৩ লাখ টাকা। চলতি বছরের ২৮ আগস্ট রাতে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-রোহদহ এলাকায় বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬০টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ১২ হাজার ২২৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পরে আর কোনো ফসল আবাদ করা সম্ভব হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা ধানের পরিবর্তে নাড়া কেটে বাড়ি ফিরছেন। জোড়শিমুল গ্রামের আবু হানিফ বলেন, ‘চার বিঘা ভিয়োত ধান লাগাছুনু। বন্যায় ডুবে যাওয়ায় ভিয়োত খালি নাড়া পড়েছিল। কামলা দিয়া এই সব ভিয়োত থাইকা নাড়া পরিষ্কার করতিছিনু। শুধু কষ্ট কইরা ভার বনছি কিন্তু ধান তো পাইলাম না।’
চিকাশী গ্রামের মনোয়ার হোসেন, আড়কাটিয়া গ্রামের হযরত আলী, আবদুর রাজ্জাকসহ ক্ষতিগ্রস্ত ১০-১২ জন কৃষক জানান, হাতের শেষ সম্বল ও ঋণ নিয়ে জমিতে ফসল চাষ করেছিলেন। কিন্তু বন্যায় যে পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া কঠিন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে কৃষকদের এসব জমির আগাছা পরিষ্কার করে সরিষা, ভুট্টা ও রবি ফসল চাষাবাদের পরামর্শ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য দুই হাজার ৮৪০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।