ধুনটে ৭৪ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আদালতের নির্দেশে সন্দেশ আলী (৪০) নামের একজন কৃষকের মরদেহ ৭৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলায় আদালতের নির্দেশ লাশ উত্তোলন করা হয়।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালনগর ইউনিয়নের কোনাগাতি গ্রামের এক ব্যক্তির সঙ্গে সন্দেশ আলীর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ৯ ডিসেম্বর রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে প্রতিবেশীরা ঘর থেকে সন্দেশ আলীর মৃতদেহ উদ্ধার করেন। সন্দেশ আলীর মেয়ে স্বর্ণা খাতুন গত ২৮ জানুয়ারি তাঁর চাচা আস্তাক আলী, মজিবর রহমান, গোলাম হোসেনসহ নয়জনকে আসামি করে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত সন্দেশ আলীর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। গতকাল শুক্রবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ সন্দেশ আলীর মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা জানান, সন্দেশ আলীকে হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।