ধুনটের অপহৃত গৃহবধূ ঈশ্বরদী থেকে উদ্ধার
বগুড়ার ধুনট থেকে অপহৃত এক গৃহবধূকে (২৩) পাবনার ঈশ্বরদীর মাজদিয়া সারাঘাট গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। ধুনট ও ঈশ্বরদী থানা-পুলিশ গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর বাবার বাড়ি রাজশাহীর তানোরে। একটি বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে তাঁর বাবা ধুনটে বাসা ভাড়া করে থাকেন। সেখানে বাবার সঙ্গে থাকতেন ওই গৃহবধূ। ধুনটে আসার প্রায় দুই বছর আগেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক তরুণের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী লেখাপড়ার সুবাদে ঢাকায় থাকেন। এ অবস্থায় ওই গৃহবধূ ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্দেশে ৭ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বের হয়ে ধুনট শহরের সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডে আসেন। এ সময় স্বামীর বন্ধু পাবনার ভাঙ্গুড়ার এক তরুণ (২৫) ও তাঁর চার সহযোগী তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। অপহরণের দুদিন পর ৯ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে তিনি কৌশলে মুঠোফোনে স্বামীকে ঘটনাটি জানান। পরে স্বামী বাদী হয়ে গত মঙ্গলবার ২৮ মার্চ ধুনট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই তরুণ ও তাঁর চার সহযোগীকে আসামি করা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল ভোর ৫টার দিকে ঈশ্বরদীর মাজদিয়া সারাঘাট গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তরুণ পালিয়ে যান।
গৃহবধূ বলেন, ‘পূর্বপরিচিত ওই তরুণ (স্বামীর বন্ধু) আমাকে কৌশলে অপহরণের পর ঢাকা, রংপুর, জয়পুরহাট, পাবনা ও ঈশ্বরদীসহ বিভিন্ন স্থানে আটক রাখেন। একপর্যায়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে বিয়ের কাবিননামায় স্বাক্ষর নেন। অপহরণকারীদের জিম্মিদশা থেকে উদ্ধারে আমি আমার স্বামীকে ফোন করে ঠিকানা দিয়েছিলাম।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঈশ্বরদী থানা-পুলিশের সহযোগিতায় ওই অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।