ধুনটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বন্যার পানির চাপে রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় বগুড়া জেলা সদরসহ সারা দেশের সঙ্গে ধুনট উপজেলার সড়ক যোগাযোগ কয়েকদিন ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় তিন লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বাড়ায় প্রবল স্রোতের চাপে গত ২৫ সেপ্টেম্বর রাতে সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এই পানি প্রবলবেগে ধুনটে ঢুকে পড়লে পাকা রাস্তা ও সেতু ভেঙে যায়। এতে জেলা সদর, সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, শাহজাহানপুর ও শেরপুরের সঙ্গে ধুনটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধুনট উপজেলার মানুষ জেলা সদরে গিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করত। এখন জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই উপজেলা সড়কপথে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুনট-বাগবাড়ী হয়ে বগুড়া জেলা ও শাহজাহানপুর উপজেলায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করত। ২৬ সেপ্টেম্বর সকালে ওই পথের জালশুকা এলাকার খাইড়া পুরাতন বেইলি সেতুটি ভেঙে যায়। এতে ওই দিন থেকে বগুড়া জেলা ও শাহজাহানপুর উপজেলার সঙ্গে ধুনটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক বছর আগে ধুনট-কাজীপুর সড়কের সোনামুখী এলাকায় ইছামতী নদীর ওপরের সেতুটি ভেঙে যায়। সেখানে গত ১ জুলাই থেকে একটি নতুন সেতুর নির্মাণকাজ চলছে। যানবাহন পারাপারের জন্য সেখানে বিকল্প হিসেবে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। বন্যার পানির চাপে ২৭ সেপ্টম্বর সকালে সেতুটি ভেসে গেছে। এতে ওই সড়কের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ী বাঙ্গালী নদীর ওপর একটি নতুন সেতুর নির্মাণকাজ চলছে। সে স্থানে পথচারী ও যানবাহন ফেরির সাহায্যে নদী পারাপার হচ্ছিল। কিন্তু বন্যার পানি বেড়ে দুই পাশের ঘাটের পন্টুন ডুবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে।এ ছাড়া বন্যার পানি বেড়ে যাওয়ায় ধুনটের জোড়শিমুল-কুতুবপুর হয়ে সারিয়াকান্দি রাস্তার কয়েকটি স্থান তলিয়ে গেছে। এ ছাড়া খাটিয়ামারি এলাকায় দুটি সেতু দেবে যাওয়ায় সারিয়াকান্দি ও গাবতলীর উপজেলার সঙ্গে ২৮ সেপ্টেম্বর থেকে ধুনটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ বলেন, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।