ধুনটের সদরপাড়ায় বিদ্যুৎ নেই সাত দিন
বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হওয়ায় বগুড়ার ধুনট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। ফলে এলাকার প্রায় ১০০টি পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে।ধুনট পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ট্রান্সফরমারের আওতায় সদরপাড়া এলাকার প্রায় ১০০টি আবাসিক বৈদ্যুতিক মিটার রয়েছে। গত ২৬ মে দিনের বেলায় হঠাৎ করে ট্রান্সফরমারটি পুড়ে গেলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গতকাল পর্যন্ত ওই এলাকায় আর বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি।সদরপাড়ার বিদ্যুতের গ্রাহক মোজামেঞ্চল হক জানান, সাত দিন ধরে তাঁরা অন্ধকারে রয়েছেন। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান আলী জানান, বিষয়টি সমাধানের জন্য পাড়ার লোকজনকে নিয়ে বৈঠক করা হয়েছে। নতুন ট্রান্সফরমার কেনার জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।