ধুমধাম করে নাম দেওয়া হলো সেই শিশুটির
রাজশাহীতে হাসপাতাল থেকে চুরি যাওয়া বাচ্চাকে ফিরে পেয়ে গতকাল শুক্রবার বাবা-মা ধুমধাম করে সন্তানের নাম রাখলেন। অনুষ্ঠানে বাচ্চাটি উদ্ধারে ভূমিকা রাখায় পুলিশ, সাংবাদিক, প্রতিবেশী ও আত্মীয়স্বজনসহ ২০০ জনকে দাওয়াত করা হয়। বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘ফাহিম আজমল’। যার অর্থ অতি সুন্দর ও বুদ্ধিমান।
রাজশাহীর পবা উপজেলার চর শ্যামপুর গ্রামের নাসির উদ্দিন ও মুক্তি খাতুন দম্পতি তাঁদের বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন।
জন্মের ২১ দিন পর শিশুটির নাম রাখা হলো। গত ১৯ জানুয়ারি রাজশাহী নগরের নওদাপাড়া নগর মাতৃসদন হাসপাতালে জন্মের মাত্র ছয় ঘণ্টার মাথায় বাচ্চাটি চুরি হয়ে যায়। এর আট দিন পর সিসি ক্যামেরার ছবি দেখে নগরের বাসার রোড এলাকার শাহিন আক্তার ওরফে শুভ্রা (৩২) নামের এক নারীর ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। শাহিন আক্তার নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। বাচ্চা চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। তাঁর স্বামী আক্তারুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
যোগাযোগ করলে শিশুটির মা মুক্তি খাতুন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও আপনাদের (সাংবাদিক) সহায়তায় আমি আমার বুকের মানিককে ফিরে পেয়েছি। আপনারা আমার ছেলেকে দোয়া করবেন।’
অনুষ্ঠান সম্পর্কে শিশুটির মামা শহিদুল ইসলাম বলেন, তাঁর ভাগনের আকিকার জন্য ক’দিন আগে সাড়ে সাত হাজার টাকায় হাট থেকে একটি ছাগল কিনে আনা হয়। সকালে সেটি আকিকা দিয়েই নাম রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমার ভাগনেকে উদ্ধারের জন্য পুলিশ-সাংবাদিক সবাই যে ভূমিকা রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। মূলত বাচ্চাটাকে দোয়া করার জন্য সবাইকে ডাকা হয়েছে।’
অনুষ্ঠানে যোগ দেওয়া একজন পুলিশ কর্মকর্তা বলেন, আয়োজনটি বেশি বড় না হলেও খুবই আনন্দমুখর ছিল।