ধুলা আর ঝাঁকুনিতে যাত্রীদের নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা সদর থেকে সড়ক পথে গলাচিপা যেতে বিভিন্ন যানবাহনের যাত্রীদের এখন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালী-গলাচিপা সড়কের ১৬ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এই অংশের কিছু এলাকার রাস্তা কাঁচা। এই শুকনো মৌসুমে ধুলা ওড়ার কারণে এবং এই কাঁচা রাস্তা উঁচু-নিচু থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী ও যানবাহনের চালকদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। একই কারণে ২০ মিনিটের পথ অতিক্রম করতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। ২৮ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, গলাচিপা থেকে পটুয়াখালী আসার পথে শাখারিয়া পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের ইট-সুরকি উঠে তা মাটির সঙ্গে মিশে গেছে এবং বিভিন্ন স্থানে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গলাচিপা অংশের হরিদেবপুর খেয়াঘাট থেকে ছোট গাবুয়ার আদম ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মাটির সড়ক। গত বর্ষায় এই অংশের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্ত হয় এবং কিছু অংশ ভেঙে যায়। এখনো ওই অংশগুলো মাটি দিয়ে ভরাট করা হয়নি। এ কারণে উঁচু-নিচু থাকায় বাসগুলো এই অংশের ওপর দিয়ে চলাচল করতে গেলে প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে যাত্রীরা কষ্ট পায় এবং গাড়ির ক্ষতি হয়। জানা গেছে, সড়কটির ওই ১৬ কিলোমিটারের মুসুল্লিকাঠি স্লুইসগেট, আমখোলা, মুদির হাট ও বাদুরা এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অবস্থা এতটাই খারাপ যে কোনো কোনো স্থানের গর্ত বড় হওয়ায় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে পার হতে হয়। অনেক সময় এসব গর্তের কারণে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় নষ্ট করতে হয়। হরিদেবপুরের আবদুল হালিম বলেন, এক যুগ আগে এ সড়কটি নির্মাণ হলেও আজ পর্যন্ত তেমন কোনো সংস্কার করা হয়নি।বাসচালক জহিরুল ইসলাম বলেন, রাস্তা এতটাই খারাপ যে ১৬ কিলোমিটার পথ যেতে দেড় থেকে পৌনে দুই ঘণ্টা লাগে। এতে সবাইকে বিরক্ত লাগে এবং যাত্রীরাও অধৈর্য হয়ে যায়। পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, পটুয়াখালী-গলাচিপা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। অথচ মেরামত না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে পটুয়াখালীর সঙ্গে গলাচিপার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলমগীর শহিদুল ইসলাম জানান, এ সড়কটি পুরোপুরি সংস্কার করতে ১১ কোটি টাকা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছয় কোটি টাকার অনুমোদন দিয়েছেন। সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শাখারিয়া থেকে গলাচিপা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ককে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। পুরো টাকা বরাদ্দ করা হলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।