ধুলা-ধোঁয়ায় ক্লাস করাই দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার তারাপুর দাখিল মাদ্রাসার খেলার মাঠসহ প্রায় ২৪ শতাংশ জমি ইজারা দিয়েছে কর্তৃপক্ষ। আর সেই ইজারা নেওয়া জমিতে ইটভাটার কার্যক্রম চালাচ্ছেন এক ব্যক্তি। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। একই কারণে ওই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং ক্লাসের ভেতরে ধুলা ও ধোঁয়া ঢুকছে। এসব কারণে মাদ্রাসার কর্তৃপক্ষ ইটভাটা সরিয়ে নেওয়ার জন্য বারবার তাগিদ দিলেও মালিক এটি সরিয়ে নিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।মাদ্রাসার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার পাংশা-বাহাদুরপুর সড়কের তারাপুর বাজারের পাশে তারাপুর দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসার বিশাল মাঠ থাকলেও মাঠসহ প্রায় ২৪ শতাংশ জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ইট তৈরি করছেন স্থানীয় রবিউল আলম। তিনি মাদ্রাসার মাঠের বেশির ভাগ জমিতে কাঁচা ইট শুকানোর জন্য রেখে দিয়েছেন। এ ছাড়া মাদ্রাসার ভবনের পেছনের অংশেও ভাটার কার্যক্রম চালানো হচ্ছে। মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র এনামুল হক ও আনোয়ারুল ইসলাম জানায়, শ্রেণীকক্ষে অনেক সময় ধুলা, বালি ও ছাইয়ের কারণে বসে থাকা যায় না। ইট তৈরির সময় খেলাধুলা বন্ধ রাখতে হয়। মাদ্রাসার সুপার মাওলানা আবদুল কাদের বলেন, ১৯৮৭ সালের দিকে দেড় একর জমিতে তারাপুর দাখিল মাদ্রাসাটি স্থাপন করা হয়। জমিগুলো ভাটাসংলগ্ন হওয়ায় অনেকটা বাধ্য হয়েই ভাটার মালিকের কাছে প্রতি শতাংশ ১৫০ টাকা দেওয়ার চুক্তিতে ২৪ শতাংশ জমি ইজারা দেওয়া হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন বলেন, ইতিপূর্বে মাদ্রাসার ক্ষতি হবে না বলে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ইটভাটার মালিক ইট তৈরির কাজ শুরু করেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, মাদ্রাসার ভবনের কক্ষগুলোতে ধুলা-বালি ও ধোঁয়া ঢুকছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এ ব্যাপারে তাঁরা তিন-চারবার ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য মালিককে তাগিদ দিয়েছেন। ইটভাটার মালিক রবিউল আলম বলেন, মাদ্রাসার মাঠের মধ্যে মাত্র ছয় শতাংশ জমিতে ইটভাটার কার্যক্রম চালানো হচ্ছে। মাদ্রাসার পেছনের কিছু জমি আমার কাজে ব্যবহার হওয়ায় আমি অন্যস্থান থেকে মাদ্রাসার নামে প্রায় ২০ শতাংশ জমি দিয়েছি। জমি ব্যবহারের কারণে বছরে ইজারা বাবদ আমি পাঁচ হাজার টাকা করে দিচ্ছি। তার পরও সমস্যা হলে এবং বন্ধ করে দিতে বললে আমি তা বন্ধ করে দেব। পাংশার ইউএনও আহসানুর রহমান ওরফে হাসিব বলেন, ‘ইটভাটার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সমস্যা হলে অবশ্যই আমি তাঁদের সব ধরনের সহায়তা করব।’