ধুলাউড়ি গ্রামে হত্যা, ধর্ষণের বর্ণনা দিলেন খলিলুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. খলিলুর রহমান। জবানবন্দিতে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে একাত্তরে পাবনার সাঁথিয়ার ধুলাউড়ি গ্রামে হত্যা ও ধর্ষণের বিবরণ দেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ খলিলুরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জবানবন্দিতে খলিলুর রহমান (৬৩) বলেন, তাঁর বাড়ি সাঁথিয়া থানার সোনাতলা গ্রামে। একাত্তরের জুন মাসের মাঝামাঝি তিনি ভারতে চলে যান। নদীয়া ও দার্জিলিংয়ে প্রশিক্ষণ শেষে তিনিসহ ১০ জন মুক্তিযোদ্ধা অক্টোবরের মাঝামাঝি শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরেন। সোনা মসজিদসংলগ্ন কলাবাড়িয়ায় ২৪ দিন কাটানোর পর তাঁরা আবার ভারতের মুর্শিদাবাদে যান, সেখান থেকে নৌপথে জলঙ্গী হয়ে পাবনার সুজানগরে আসেন। ২৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা সাঁথিয়ার ধুলাউড়ি গ্রামে পৌঁছে চিকিৎসক আবদুল আওয়ালের বাড়িতে আশ্রয় নেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ওই রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তিনি বুটের শব্দ শোনেন। ঘরের পূর্ব-দক্ষিণ দিকের জানালা খুলে দেখেন, নিজামী ও পাকিস্তানি সেনারা কয়েকজন রাজাকারসহ তাঁদের ঘরের দিকে আসছে। তিনি ঘরের উত্তর দিকের দরজা খুলে বের হওয়ার পর কয়েকটি গুলির শব্দ, লোকজনের কথাবার্তা ও ‘হ্যান্ডস আপ’ শব্দ শোনেন। তিনি বুঝতে পারেন, তাঁদের ঘিরে ফেলা হয়েছে। তিনি তখন ওই বাড়ির পশ্চিমে একটি বটগাছে উঠে আত্মগোপন করেন। ভোর হয়ে এলে গাছ থেকে দেখেন, আশপাশের নারীদের ওই বটগাছের নিচে আনা হয়েছে, রাজাকাররা তাঁদের গয়না ছিনিয়ে নিচ্ছে। ওই নারীদের মধ্যে দুজনকে পাকিস্তানি সেনারা ধরে পাশের একটি ঘরে ঢোকার পর কান্নাকাটির আওয়াজ শোনেন। তিনি বুঝতে পারেন, ওই দুজন ধর্ষণের শিকার হচ্ছেন।

খলিলুর রহমান বলেন, তিনি দেখেন, নিজামী রাজাকারদের বলছেন, ‘পুরুষদের ধরে নিয়ে আসো।’ এরপর রাজাকাররা পুরুষদের ধরে প্রাথমিক স্কুলের দিকে নিয়ে যায়। স্কুলটি ওই বটগাছের দক্ষিণে, স্কুলের পাশেই মাঠ, মাঠের পাশে ইছামতী নদী। সকাল আনুমানিক নয়টা-সাড়ে নয়টার দিকে তিনি বটগাছ থেকে নামেন। মানুষের কাছে জানতে পারেন, পাকিস্তানি সেনারা চলে গেছে। পরে তিনি ওই মাঠে গিয়ে দেখেন, সেখানে ২৫-৩০ জনের লাশ পড়ে আছে। তাঁর সহযোদ্ধাদের মধ্যে চারজন মারা গেছেন, দুজন বেঁচে আছেন। জীবিত দুজনের মধ্যে শাহজাহানের গলা কাটা অবস্থায় ছিল, মাজেদের পেটে বেয়নেট চার্জ করা হয়েছিল। মুক্তিযুদ্ধ শেষে ওই দুজনের সঙ্গে তাঁর দেখা হয়েছে।

জবানবন্দির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, মতিউর রহমান নিজামীকে তিনি আগে থেকে চিনতেন। জবানবন্দি শেষে তিনি নিজামীকে শনাক্ত করেন। খলিলুরের জবানবন্দিকালে কয়েক দফায় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ আলী সাক্ষীর কাছে জানতে চান, ‘নিজামীকে আপনি কবে থেকে চিনতেন? স্বাধীনতার আগে, না পরে?’ এ প্রশ্নে আপত্তি জানিয়ে মিজানুল বলেন, ‘এটা লিডিং প্রশ্ন। এ ধরনের প্রশ্ন করা যাবে না।’ আরেকবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানতে চান, ‘ঘটনাস্থলে নিজামীকে আপনি কীভাবে চিনলেন? তখন কি বিদ্যুতের আলো ছিল, না আপনার হাতে টর্চলাইট ছিল?’ এই প্রশ্নেও আসামিপক্ষ জোরালো আপত্তি জানায়।

পরে ট্রাইব্যুনাল মোহাম্মদ আলীকে বলেন, ‘আপনি তো জবানবন্দি নিচ্ছেন, জেরা করছেন না। আপনার প্রশ্নগুলো জেরার মতো হয়ে যাচ্ছে। এসব প্রশ্ন আসামিপক্ষের করার কথা।’

জবানবন্দি শেষে খলিলুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।

গত ৩০ এপ্রিল এই মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. শাহজাহান মিয়া জবানবন্দিতে বলেছিলেন, একাত্তরের ২৮ নভেম্বর ধুলাউড়ি গ্রামে তিনি পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েছিলেন। পরে নিজামীর উপস্থিতিতে এক রাজাকার তাঁকে বেয়নেট চার্জ করে এবং গলায় ছুরি চালায়।