ধুলাদূষণে ঢাকায় মধ্যবিত্তের ব্যয় চার থেকে ১০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের মধ্যবিত্ত পরিবারগুলোকে ধুলাদূষণের কারণে প্রতি মাসে অতিরিক্ত চার থেকে ১০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। এ তথ্য জানিয়ে পরিবেশ আন্দোলন (পবা) ও বিসিএইআরডি এ ধুলাদূষণ বন্ধে সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। রাজধানীর চারুকলা ইনস্টিটিউটের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে এক মানববন্ধনে এ দাবি করে সংগঠন দুটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ধুলার কারণে দোকানের জিনিস, কম্পিউটারসহ ইলেকট্রনিক সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায়। বাড়ে ধুলাজনিত রোগ। রাস্তার পাশে দোকানের খাবার ধুলায় বিষাক্ত হয়। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের রোগ প্রতিরোধক্ষমতা কম হওয়ায় এরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
এ দূষণ প্রতিরোধে নিয়মিত রাস্তাঘাট পরিষ্কার, রাস্তার খননে সৃষ্ট মাটি সরিয়ে ফেলা, ধুলা সৃষ্টি করতে পারে এমন সামগ্রী সঠিক আচ্ছাদনে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। আবর্জনা সংগ্রহ ও পরিবহনের জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয় সিটি করপোরেশনকে। বিজ্ঞপ্তি।