ধুলাবালি, কালো ধোঁয়ায় পড়াশোনা করা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় ঘেঁষে দুটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসনের বৈধ ইটভাটার তালিকায় এই দুটির নাম নেই। অথচ ভাটা দুটির কারণে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে স্থানীয় শিক্ষানুরাগীরা মিলে ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন মোক্তারপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়। অল্প দিনে এলাকার নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে এটি পরিচিতি লাভ করে। ২০০৯ সালে বিদ্যালয়ের পাশে পাশপাশি গড়ে তোলা হয় টপটেন ও এসএনবি নামের দুটি ইটভাটা। প্রথমটিতে স্থায়ী চিমনিসহ ইট পোড়ানো হলেও বিদ্যালয় ঘেঁষে গড়ে তোলা দ্বিতীয়টি শুরু করে টিনের ব্যারেল চিমনি দিয়ে। গত বছর এসএনবি ভাটায় টিনের চিমনি সরিয়ে স্থায়ী চিমনি বসানো হয়। দু্টি ভাটায় বছরজুড়ে চলে কর্মযজ্ঞ।বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মালা খাতুনের অভিযোগ, দুই বছর ধরে সে এই বিদ্যালয়ে পড়ছে। কিন্তু এক দিনের জন্যও শ্রেণীকক্ষের জানালা খোলা রাখতে পারেনি। একই শ্রেণীর ছাত্রী রিক্তা খাতুন, শিখা খাতুন ও পপি খাতুনও একই অভিযোগ করে। তারা জানায়, বিদ্যালয়ের পাশে ইট তৈরি ও মজুদ করার পাশাপাশি ভাটায় প্রবেশের প্রধান রাস্তাটিও বিদ্যালয় ঘেঁষে। মাটি ও ইটভর্তি ট্রলি-ট্রাক্টর চলাচল করার সময় ধুলাবালি ওড়ে। জানালা বন্ধ করার পরও ফাঁকফোকর দিয়ে ধুলাবালি প্রবেশ করে। বিকট শব্দে পড়াশোনা বিঘ্নিত হয়। অষ্টম শ্রেণীর ছাত্রী জেসমিন খাতুন, হিরা খাতুন, শরিফা খাতুন ও চামেলী খাতুন জানায়, ইটভাটার ধোঁয়ার সঙ্গে কালো ধোঁয়া উড়ে এসে শ্রেণীকক্ষে ঢোকে। বেঞ্চে পড়া কালি সাদা কাপড়ে লেগে ময়লা হয়। নাকে রুমাল দিয়ে ক্লাস করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বখতিয়ার উদ্দিন বলেন, বিদ্যালয়ের পাশে ভাটার কারণে সমস্যার কথা উপজেলা ও জেলা প্রশাসন এবং শিক্ষা অফিসে জানানো হয়েছে।দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল প্রথম আলোকে জানান, তিনি বিদ্যালয়ে যোগদানের পর বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি। একই কথা জানালেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ। এ ব্যাপারে এসএনবি ইটভাটার মালিক আনোয়ার হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে দুই বছর ধরে ইট পোড়াচ্ছেন। নিবন্ধনের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। টপটেন ইটভাটার মালিক আবদুর রব নিজেকে বৈধ ইটভাটার মালিক দাবি করে বলেন, এমআর ব্রিকস নামে অনুমোদিত একটি যৌথ ভাটা ছিল। অংশীদার আলাদা হয়ে যাওয়ার পর ওই অনুমোদনে টপটেন ভাটা চালাচ্ছেন। বিষয়টি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে অবগত করা হয়েছে।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান জানান, জেলার সব অনুমোদনহীন ইটভাটা বন্ধ রাখতে সংশ্লিষ্ট মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অনেক ভাটায় অভিযান চালিয়ে জরিমানাসহ বন্ধ করে দেওয়া হয়েছে।