ধুলাবালির কারণে চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের সাড়ে চার কিলোমিটার ভাঙাচোরা থাকায় এই পথে যাতায়াতকারী লোকজন ভোগান্তিতে পড়েছে। বর্ষায় কাদা-পানি আর শুকনো মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে লোকজন। তিন বছর ধরে এলাকাবাসী আন্দোলন করলেও সড়কটি সংস্কার হচ্ছে না।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ভোলার নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, ২০১১ সালের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওটিবিএল’ ওই সড়কের ভোলা অংশের সাড়ে সাত কিলোমিটার (পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট) সংস্কারের দায়িত্ব পায়। ২০১২ সালের জুন পর্যন্ত তিন কিলোমিটার (পরানগঞ্জ- ইলিশা বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত) কাজ শেষ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শেষ না করায় কর্তৃপক্ষ কাজটি বাতিল করে। ২০১২ সালের অক্টোবরে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। বর্তমানে দরপত্র মূল্যায়ন শেষে সেটি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। কবে নাগাদ তা অনুমোদন হয়ে আসবে, বলা যাচ্ছে না।বুধবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, সড়কের ভোলা অংশের ইলিশা বাঘার হাওলা প্রাথমিক বিদ্যালয় থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কে বড় বড় গর্ত। সড়কের পিচ তুলে ফেলায় সড়কটি এখন ধুলাবালির মাটির সড়কে পরিণত হয়েছে। রাস্তার পাশের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দরজা-জানালা বন্ধ করে ক্লাস করছে।সদর উপজেলার বাঘার হাওলা গ্রামের আবদুল মোতালেব, বাঘার হাওলা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শারমিন, নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নজরুল ইসলামসহ এখানকার অনেকেই বলেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের ধুলাবালি সহ্য করতে হচ্ছে।ট্রাকচালক জসিমউদ্দিন, আবদুর রহমান, আবদুল বাসেতসহ কয়েকজন গাড়িচালক বলেন, সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কিন্তু কারও নজরদারি নেই। সড়কের পাশের নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হক বলেন, ‘ব্যস্ত এই সড়কে দিন-রাত গাড়ি চলে। দরজা-জানালা বন্ধ করলেও ধুলায় শ্রেণীকক্ষ ভরে যায়। শিক্ষকেরা ঠিকমতো পড়াতে পারছেন না। এই ভোগান্তি থেকে রেহাই পেতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার জনগণ তিন বছর ধরে সড়ক অবরোধ-মানববন্ধনেরমতো কর্মসূচি পালন করে আসছে। কর্তৃপক্ষ নানা আশ্বাস দিলেও ফল পাইনি।’