ধুলাবালু ও শব্দদূষণ থেকে বাঁচতে মানববন্ধন
ধুলাবালু ও শব্দদূষণ থেকে বাঁচতে গতকাল শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ গ্রামের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে দীর্ঘ সময় ধরে মানববন্ধন করেছে।
আগ্রাণ উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ বাজার থেকে তিরাইলমুখী রাস্তার দেড় কিলোমিটার অংশ পাকা করার কাজ শুরু করেছে। এই কাজের জন্য পাঁচ থেকে ছয়টি বড় ট্রাক প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ বার মাটি নিয়ে বিদ্যালয় দুটির পাশের রাস্তা দিয়ে চলাচল করছে। এতে রাস্তায় প্রচুর ধুলাবালু সৃষ্টি হচ্ছে। এসব ধুলাবালু বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থী ও শিক্ষকদের হাঁচি-কাশির জন্ম দিচ্ছে। এ ছাড়া তাদের কাপড়চোপড়সহ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নোংরা হয়ে যাচ্ছে। ট্রাকগুলো প্রতিনিয়ত চলাচলের কারণে বিকট শব্দও হচ্ছে। ফলে শিক্ষার্থীদের পড়ালেখার মনোযোগ নষ্ট হচ্ছে।
এসব সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না হওয়ায় বিদ্যালয় দুটির কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন করেন।