ধুলার অত্যাচার থেকে বাঁচতে ইউএনওকে লিখিত অভিযোগ
কাঁচা রাস্তা দিয়ে সকাল-সন্ধ্যা বেপরোয়াভাবে চলছে মাটিবাহী ট্রলি। ধুলায় নিমজ্জিত করে যাচ্ছে পুরো এলাকা। এতে অতিষ্ঠ হয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন চৌধুরীপাড়া ও আলমপুর চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দারা।
ওই অভিযোগ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আলমপুর চৌধুরীপাড়া। এ গ্রামে রয়েছে আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়। গ্রামের ভেতর দিয়ে গেছে চিকলী-আলমপুর কাঁচা রাস্তা। ২০ দিন ধরে আলমপুর চৌধুরীপাড়ার মাঠের কিছু ফসলি জমি থেকে মাটি কেটে ২৫-৩০টি ট্রলিতে করে এ রাস্তা দিয়ে চিকলী এলাকার কয়েকটি ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন ফসলি জমির ক্ষতি হচ্ছে, তেমনি ধুলার কারণে এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং চৌধুরীপাড়া ও আলমপুর চৌধুরীপাড়া গ্রামের প্রায় তিন হাজার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গতকাল বুধবারআলমপুর চৌধুরীপাড়ায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, গ্রামের দোলা মাঠের বেশ কিছু ফসলি জমির উপরিভাগের মাটি এরই মধ্যে কেটে নেওয়া হয়েছে।
আলমপুর চৌধুরীপাড়ার কৃষক আবুজার হোসেন বলেন, টাকা পাওয়ায় তিনি ফসলি জমির মাটি বিক্রি করছেন। কিন্তু মাটি কেটে নিলে জমির উর্বরতা নষ্ট হয়, তা তিনি জানেন না। তবে একই গ্রামের কৃষক সেকেন্দার হোসেন বলেন, এর আগে তিনি মাটি বিক্রি করেছিলেন। পরের বছর জমিতে ফসল উৎপাদন কমে যায়। সেই থেকে আর মাটি বিক্রি করেন না।
সরেজমিনে আরও দেখা যায়, মাটিভর্তি ট্রলিগুলো ওই কাঁচা রাস্তা দিয়ে ধুলার মেঘ উড়িয়ে চলছে। এতে পথচারীদের চোখ-মুখ-নাক ঢেকে ধুলা থেকে আত্মরক্ষা করতে হচ্ছে।
আলমপুর চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা লেলিন চৌধুরী বললেন, নিষেধ করলেও ট্রলিচালকেরা শুনছেন না। সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে স্কুলগামী কোমলমতি শিশুরা। এলাকার অনেকেই ধুলার কারণে অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয় ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম গতকাল বলেন, ‘ওই রাস্তা দিয়ে ট্রলি চলাচল বন্ধ করতে ১৫ দিন আগে আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অনুরোধ করেছি। চার দিন আগে মুঠোফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও বলছি। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ চৌধুরীপাড়া গ্রামের দুলাল হোসেন বলেন, রাস্তার ধারে যাদের বাড়ি, ধুলার কারণে তারা ঘরের জানালা খুলতে পারে না। জানালা খুললে ঘরের কাপড়চোপড় ও আসবাব ধুলায় নষ্ট হয়ে যায়।
ইউএনও জিলুফা সুলতানা বলেন, তিনি এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছেন। শিগগিরই সেখানে আবাদি জমির মাটি কাটা ও ট্রলি চলাচল বন্ধে অভিযান চালানো হবে।