ধুলায় ঢাকা শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে খোঁড়াখুঁড়ি, ধুলায় ঢেকে গেছে চারদিক। পরিবেশ নষ্ট হচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। ছবিটি গতকাল দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা l সাইফুল ইসলাম
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে খোঁড়াখুঁড়ি, ধুলায় ঢেকে গেছে চারদিক। পরিবেশ নষ্ট হচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। ছবিটি গতকাল দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তোলা l সাইফুল ইসলাম

নভেম্বর মাস প্রায় শেষ। চারদিক কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার কথা। কিন্তু শীতের কুয়াশা না এলেও রাজধানী ঢেকে যাচ্ছে ধুলার চাদরে। নগরীর বিভিন্ন স্থানে বেড়েছে ধুলার পরিমাণ। এর সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
মো. পান্নু মিয়া এক মাস ধরে গাবতলীতে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কাজ করছেন। তাঁর বিস্ময়, এই ধুলার মধ্যে মানুষ বাঁচতে পারে? তিনি বলেন, ‘কী যে কষ্ট করি বলে বোঝানো যাবে না।’
গাবতলীতে ধুলার জন্য ঠিকমতো তাকানোও দুষ্কর। আর শ্বাস নেওয়া আরও ভয়ংকর। গতকাল মঙ্গলবার গাবতলীতে দেখা যায়, পুরো বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকা ধুলায় সাদা হয়ে আছে। গাছের সবুজ পাতাতেও ধুলার স্তর। এখানে রাস্তা সংস্কারের কাজ চলছে। এর মধ্যেই সড়কের পাশে বিক্রি হচ্ছে নানা রকম খাবার। মানুষ ধুলাবালিমাখা এই খাবারই খাচ্ছে।
শুষ্ক মৌসুম। বৃষ্টিও হচ্ছে না। সঙ্গে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ তো আছেই। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে গাবতলী পর্যন্ত যেতে পুরো সড়কটির অবস্থা ভয়াবহ। এ সড়কে নির্মাণসামগ্রীর দোকান অনেক। বালুর পরিমাণও বেশি। রোকেয়া সরণিতে চলছে মেট্রোরেলের কাজ। তালতলা বাসস্ট্যান্ডের সামনে প্রচুর ধুলা। সাধারণ মানুষের অভিযোগ, উন্নয়নের নামে যা হচ্ছে সবই অপরিকল্পিত। এসব কাজও হচ্ছে ধীরগতিতে। কোনো কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। এতে করে কাজ যেমন এগোচ্ছে না, তেমনি এর প্রভাবে ধুলাও বাড়ছে।
মগবাজারে চলছে উড়ালসড়ক নির্মাণের কাজ। এর প্রভাব পড়ছে মালিবাগ, মৌচাক এলাকায়ও। মানুষও ধুলায় অতিষ্ঠ। এই পথে নিয়মিত চলাচলকারী এক শিক্ষার্থী বলেন, ‘খুবই বাজে অবস্থা এখানে। কবে যে এই কষ্ট থেকে মুক্তি পাব।’
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক কাজী সাইফুদ্দিন বেননুর প্রথম আলোকে বলেন, ‘এ সময়টাতে বাতাসে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের (সূক্ষ্ম কণা) মাত্রা বেড়ে যায়। তখন কাশি, শ্বাসকষ্ট হয়। ইনফেকশনও হয়।’ তিনি আরও বলেন, বাতাসে সূক্ষ্ম কণার দুই ধরনের মাত্রা থাকে। যদি সূক্ষ্ম কণার মাত্রা ২ দশমিক ৫ হয়ে যায়, তাহলে এটা ফুসফুস পর্যন্ত গিয়ে প্রবেশ করে। আরেকটি মাত্রা যদি ১০ হয়, সেটা শ্বাসনালিতে গিয়ে আক্রমণ করে। এর ফলে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বেড়ে যায়। কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়ার ফলে ফুসফুসে ক্যানসারও হতে পারে। এ ছাড়া বাতাসে ভাসতে থাকা সিসা শিশুদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটা বুদ্ধিমত্তা বৃদ্ধিতে বাধা দেয়। গত অক্টোবরে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বায়ুদূষণজনিত অসুখে বছরে সাড়ে আট হাজার শিশু মারা যায়।
ঢাকার দক্ষিণাঞ্চলের প্রায় সব এলাকাতেই ধুলা। গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের আশপাশে সব সময়ই ধুলা ওড়ে। ধানমন্ডি ২৭ নম্বরে নির্মাণকাজ চলায় এখানেও ধুলা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম বলেন, ‘গতকাল থেকে আমাদের আটটি গাড়ি নেমেছে। মূল সড়কগুলোতে পানি ছিটানো শুরু করেছি। যদি ধুলা কিছুটা কমে।’
তবে উত্তর সিটি করপোরেশনের পানি ছিটানোর ব্যবস্থা নেই। উত্তরের প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক বলেন, নিয়মিত ঝাড়ু দেওয়া হচ্ছে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহার, যানবাহনেও নিম্নমানের জ্বালানি এবং অপরিকল্পিত নির্মাণ ও সংস্কারকাজের ফলে এসব হচ্ছে। ভালো মানের কয়লা ও জ্বালানি ব্যবহার করতে হবে। সরকারের সব বিভাগ যারা রাস্তা খোঁড়াখুঁড়ি করে, তাদের পরিকল্পনামাফিক কাজ করা দরকার। দেখা যায়, এক রাস্তা বছরে কয়েক বার খোঁড়া হয়। ওয়াসা, রাজউক, সিটি করপোরেশন নিজেদের প্রয়োজনমতো রাস্তা খোঁড়ে। ভোগান্তি হয় সাধারণ মানুষের। এতে গাছপালাসহ পরিবেশেরও ক্ষতি হচ্ছে।