ধুলায় নিশ্বাস নিতেও কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার পাশের সড়ক ধুলায় আচ্ছন্ন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার পাশের সড়ক ধুলায় আচ্ছন্ন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি সড়কের দিকে তাকালে মনে হয় ঝড়ের সময়কার কোনো দৃশ্য এটি। আশপাশ ধুলাচ্ছন্ন। নাক চেপে দ্রুত হাঁটতে হয় মানুষকে। তবে ঝড়ের সময়ের নয়, এটাই সড়ক দুটির নিত্যদিনের চিত্র। যানবাহন গেলেই ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। নিশ্বাস নিতেও কষ্ট হয় মানুষের। এমনকি গাড়ির চালকেরাও সামনে ঠিকমতো দেখতে পারেন না।
স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজার সামনে থেকে মেঘনা লঞ্চঘাট পর্যন্ত এবং হোলসিম সিমেন্ট কারখানা থেকে ঝাউচর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক। এ দুটি সড়কে যাতায়াত করেন মেঘনা শিল্পনগরী উচ্চবিদ্যালয়, প্রতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্টার ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় ঝাউচর, প্রতাবনগর, ইসলামপুর গ্রামের বাসিন্দা ও মেঘনাঘাট শিল্পনগরী এলাকার ৩৫টি শিল্পকারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা। পাকা সড়ক দুটিতে রাতের বেলায় বিভিন্ন শিল্পকারখানার পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে। সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে আশপাশের কাদা সড়কে এসে পড়ে। পরে সেগুলো রোদে জমাট বেঁধে যায়। এসব ময়লা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বাতাসে উড়তে থাকে। এভাবে অধিকাংশ সময়েই সড়ক দুটি ধুলায় আচ্ছন্ন থাকে। ধুলাবালুর কারণে মানুষকে নাকে কাপড় দিয়ে চলাফেরা করতে হয়। কাপড়চোপড়ও ময়লা হয়ে যায়।
গতকাল বুধবার দুপুরে মেঘনাঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক দুটিতে যানবাহনের সারি। একটি যান যাওয়ার সঙ্গে সঙ্গে ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ। অনেকে নাকেমুখে রুমাল বা হাত দিয়ে ঢেকে চলাচল করছে।
স্থানীয় ঝাউচর গ্রামের বাসিন্দা আবু হানিফ বলেন, সড়ক দুটির ধুলাবালুর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব ধুলাবালুতে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মেঘনাঘাট এলাকার একটি রেস্তোরাঁর মালিক জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ধুলাবালি পড়ে খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে এক সপ্তাহ ধরে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’
স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘ধুলাবালুর কারণে এ এলাকার মানুষের কষ্টের শেষ নেই। একাধিকবার আমরা উদ্যোগী হয়ে সড়কে পানি ছিটিয়ে ধুলাবালু কমানোর চেষ্টা করেছি। এখন স্থায়ীভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।’