ধুলা-কাদায় নাকাল হিলিবাসী
রোদে ধুলা, বৃষ্টিতে কাদা। এই ধুলা আর কাদায় নাকাল দিনাজপুরের হিলি পৌরসভার ১৬ হাজার বাসিন্দা। পর্যাপ্ত নর্দমা (ড্রেনেজ) না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পৌর কর্তৃপক্ষ, ব্যবসায়ী নেতা ও সচেতন এলাকাবাসী।
হিলি শহর ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তাঘাট ডুবে যায়। পানি সরে গেলে শহরের মূল সড়ক ও অভ্যন্তরীণ রাস্তায় প্রচুর কাদা জমে।
দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও ঢাকার সঙ্গে হিলির চতুর্মুখী সড়ক যোগাযোগ রয়েছে। হিলি দিয়ে প্রতিদিন তিন থেকে ৪০০ পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাসসহ হাজারো যানবাহন চলাচল করে। ফলে শুকনা মৌসুমে দিন-রাত ধুলায় আচ্ছন্ন থাকে পুরো শহর।
পৌরসভার প্রকৌশলী মতিউর রহমান জানান, শহরের পানি নিষ্কাশনের জন্য পাঁচ দশমিক ৭১ কিলোমিটার নর্দমা রয়েছে। তবে শহরের পানি নিষ্কাশনের জন্য তিন দশমিক ৫ কিলোমিটারের একটি মূল নর্দমাসহ শহরের অভ্যন্তরে আরও পাঁচ দশমিক ৭১ কিলোমিটার নর্দমা প্রয়োজন। এ ছাড়া পৌরসভায় মোট ৬২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ২৯ কিলোমিটার পাকা, ১৪ কিলোমিটার ইট বিছানো (এইচবিবি), চার কিলোমিটার কংক্রিটের (আরসিসি) ও ১৫ কিলোমিটার কাঁচা সড়ক। কিন্তু প্রয়োজনীয় নর্দমা না থাকায় শহরের পানি বের হতে পারছে না। ফলে ওই সব সড়কে সৃষ্টি হচ্ছে কাদার।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন-উর রশীদ জানান, ধুলার জন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসায়ী ও কর্মচারীরা ঠিকমতো কাজ করতে পারেন না। দিন দিন সবাই অসুস্থ হয়ে পড়ছেন। এ ছাড়া বর্ষাকালে কাদার জন্য শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে।
বাংলা হিলি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিন মণ্ডল জানান, অল্প বৃষ্টিতেই ভাঙাচোরা নর্দমা ও খানাখন্দে ভরা সড়ক তলিয়ে যায়। বৃষ্টির পানি সরে গেলে আবার শুরু হয় কাদা ও ধুলার যন্ত্রণা। ধুলা ও কাদায় শহরবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ধুলার জন্য তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেরই কাশিসহ ধুলাবাহিত রোগ লেগে থাকে।
শহরের শরিফ উদ্দিন, ছিদ্দিকুর, রেজাউল ইসলামসহ কয়েকজন রিকশাচালক জানান, ধুলা ও কাদার জন্য তাঁরা ঠিকমতো রিকশা চালাতে পারেন না। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।
পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন জানান, শহরে জলাবদ্ধতা নিরসনে তিনি শহরের চার মাথা থেকে পানামা পোর্ট পর্যন্ত প্রায় ৫০০ মিটার নর্দমা করেছিলেন। সে কারণে কিছুটা হলেও জলাবদ্ধতা কম হচ্ছে। বর্তমান মেয়র সেই কাজ এগিয়ে না নেওয়ায় শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বর্তমান মেয়র সাখোয়াত হোসেন জানান, জলাবদ্ধতা রোধে শহরের পানি নিষ্কাশনের জন্য তিন দশমিক ৫ কিলোমিটারের একটি মূল নর্দমা প্রয়োজন। কিন্তু টাকার অভাবে সেটি করা যাচ্ছে না। কাদা ও ধুলা থেকে হিলিবাসীকে মুক্তি দিয়ে সুন্দর একটি শহর গড়তে গত বছর পৌরসভার ‘মাস্টারপ্ল্যান’ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলেই শহরের সব সমস্যা দূর হবে।