ধুলিয়ারী-চলিশা সড়ক ভাঙাচোরা
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী-চলিশা রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যে রাস্তার বেশ কিছু অংশ ভেঙে খালে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় এটি দ্রুত মেরামত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ধুলিয়ারী-চলিশা সড়কের দৈর্ঘ্য ছয় কিলোমিটার। সড়কটি কদমতলার বাজার থেকে পূর্ব দিকে দেড় কিলোমিটারে ইট বিছানো এবং বাকি অংশে কার্পেটিং করা হয়েছে। বিগত জোট সরকারের আমলে এ কাজ করা হয়। গত কয়েক বছরে কদমতলা বাজারের পূর্ব দিকে দেড় কিলোমিটারের বিভিন্ন স্থান ভেঙে কদমতলার ভাড়ানিখালে বিলীন হয়ে গেছে। ফলে এ অংশটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কদমতলা বাজারের ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক পিরোজপুর শহর এবং এলাকার বড়হাট, চলিশাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। কদমতলা বাজারের পূর্ব দিকের অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কদমতলা জর্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অনিল চন্দ্র বলেন, ‘বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে শুকনার দিনে তেমন কষ্ট হয় না। তবে বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।’ চলিশা বাজারের ব্যবসায়ী ইমাম হোসেন বলেন, এই রাস্তা দিয়ে বর্ষাকালে অনেক সময় এ সড়কে হাঁটতে গিয়ে পা পিছলে খালের মধ্যে পড়ে গেছেন। রাস্তাটি দ্রুত মেরামত করা উচিত। সদর উপজেলা প্রকৌশলী হুমায়ন কবির বলেন, এ মুহূর্তে প্রকৌশল শাখায় কোনো তহবিল নেই। তহবিল পেলে সবার আগে ধুলিয়ারী-চলিশা সড়কটি মেরামত করা হবে।