ধূপখোলা মাঠে খেলাধুলা বন্ধ
পুরান ঢাকার ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব খেলার মাঠ দখল করে মাসব্যাপী চলছে ঈদ আনন্দ মেলা। এতে মাঠে খেলাধুলা করতে পারছে না মহল্লার শিশু-কিশোরেরা। রাতে মেলায় জুয়ার আসর বসছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।
ঈদুল ফিতরের পরদিন থেকে ওই মেলা বসানো হয়। প্রতিদিন ২০ টাকা মূল্যের প্রায় সাত হাজার র্যাফল ড্রর টিকিট বিক্রি হয়। ৩১ জুলাই পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার নামে ওই মাঠে মেলা বসিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসান আসকারী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। তবে মাঠে মেলা বসানোর অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। মাঠটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। গত বুধবার বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব খেলার মাঠের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে হরেক রকমের শতাধিক অস্থায়ী দোকানপাট বসানো হয়েছে। তবে লোকজনের উপস্থিতি খুবই কম। মাঠে নাগরদোলাসহ বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে। মাঠের মাঝে প্রতিবন্ধীদের সবার জন্য শামিয়ানা টানানো। তবে কোনো প্রতিবন্ধীকে দেখা যায়নি। মাঠের দক্ষিণ পাশে র্যাফল ড্র পরিচালনার মঞ্চ। কিন্তু অনেক খুঁজেও মেলা আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি। মাঠের প্রধান ফটকে টাঙানো একটি ব্যানারে লেখা ‘জাতীয় প্রতিবন্ধীর আর্থিক সাহায্যার্থে ঈদ আনন্দ মেলা’। তবে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি এই মেলার আয়োজক, ব্যানারে তা লেখা নেই।
জানা গেছে, হাসান আসকারী ও জহিরুল ইসলাম এই মেলার মূল আয়োজক। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দৈনিক আনন্দ র্যাফল ড্র’ নামে ২০ টাকা মূল্যের প্রায় সাত হাজার টিকিট বিক্রি হয়। রাত সাড়ে ১০টার পর র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
তবে হাসান আসকারী ও জহিরুল ইসলাম বলেন, ইস্ট এন্ড মাঠে এই মেলা কে বা কারা বসিয়েছেন, তা তাঁরা জানেন না। তাঁরা তাঁদের সংগঠনের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন নিয়ে ব্যস্ত আছেন।
ইস্ট এন্ড ক্লাবের মাঠে বিনা মূল্যে নিয়মিত খুদে ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয় গেন্ডারিয়া সোনালী অতীত ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা। এই সংস্থার সংগঠক ও কোচ মহিউদ্দিন আহমেদ বলেন, এই মাঠে দীর্ঘ সময় ধরে মেলা চলায় সংস্থার খুদে খেলোয়াড়দের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। এই মাঠ-সংলগ্ন ধূপখোলা স্থানীয় খেলার মাঠ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। জানতে চাইলে গেন্ডারিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘থানা থেকে অনুমতি নিয়েই ওই মেলা শুরু হয়েছে। তবে কারা মেলার আয়োজক, তা মনে নেই।’ মেলায় জুয়ার কোনো আসর বসে না বলে তিনি দাবি করেন।